সিনজিচালকের ছুরিকাঘাতে যাত্রী নিহত
কুমিল্লার চান্দিনায় সিএনজিচালিত অটোরিকশা চালকের ছুরিকাঘাতে মো. মাসুম বিল্লাহ (২৬) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় তার ভাই মাসুদ আলম ও চাচাতো ভাই আবু সাঈদ আহত হয়েছেন।
বুধবার দুপুরে জেলার চান্দিনা উপজেলার মাইজখার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাসুম বিল্লাহ ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে। বিকাল পৌনে ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘাতককে আটক করতে পারেনি।
চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, সিএনজিচালিত অটোরিকশার ভাড়া নিয়ে সিএনজিচালক শাহ জালাল ও এক মহিলা যাত্রীর মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে।
এ সময় প্রতিবাদ করেন একই গ্রামের সিএনজিযাত্রী মাসুম বিল্লাহ। পরে ওই সিএনজি চালক ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি মাসুমসহ আরও ৩ জনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
আহত মাসুমকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। বিকালে এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মো. কামাল উদ্দিন/এএম/এমএস