ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশকে ঘুষ দিতে এসে আইনজীবীর সহকারী গ্রেফতার

প্রকাশিত: ০৭:২৯ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশ পরিদর্শককে ঘুষ দিতে এসে মাহমুদুল হাসান রুবেল (২২) নামে এক যুবক গ্রেফতার হয়েছেন। তিনি আইনজীবী জুবায়ের আলম জীবনের সহকারী হিসেবে কাজ করেন।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার অভ্যন্তরে এ ঘটনা ঘটে । এ সময় তার কাছ থেকে ঘুষের ৪৫ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।

র্যাবের হাতে গ্রেফতার হওয়া শিশু অপহরণ মামলার রিমান্ডে থাকা আসামিকে বেশি জিজ্ঞাসাবাদ না করে দ্রুত আদালতে প্রেরণের জন্য সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) নাসির উদ্দিন সরকারকে ঘুষ দিতে এসে রুবেল গ্রেফতার হন।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মো. নাসির উদ্দিন সরকার জানান, গত ৭ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি ভোর পর্যন্ত র্যাব-১১ এর সিনিয়র এএসপি মো. আলেপ উদ্দিনের নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান চালিয়ে শিশু অপহরণ ও পাচারকারী চক্রের মূল হোতা মো. জাকির হোসেন (৫৫), তার সহযোগী ও স্ত্রী মর্জিনা বেগম ওরফে বানেছা (৪০),  মো. টিটু (২৯), মোহাম্মদ হোসেন সাগর ওরফে দেলু (২২), জেসমিন বেগম (৩৭) ও মো. আসলাম ওরফে আলামিনকে (২৮) গ্রেফতার করে। পরে তাদেরকে দুই দিনের রিমান্ডে নেয়া হয়।

তিনি আরো জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ থানায় এসে এক আইনজীবীর সহকারী মাহমুদুল হাসান রুবেল রিমান্ডে থাকা আসামিদের মধ্যে শিশু অপহরণ ও পাচারকারী চক্রের মূল হোতা জাকির হোসেন এবং তার স্ত্রী মর্জিনা বেগম ওরফে বানেছাকে রিমান্ডে বেশী জিজ্ঞাসাবাদ না করে দ্রুত আদালতে পাঠানোর জন্য ৪৫ হাজার টাকা ঘুষ দিয়ে তদবির করতে থাকেন। এ অপরাধে মাহমুদুল হাসান রুবেলকে গ্রেফতার করা হয়।

রুবেল আইনজীবী জুবায়ের আলম জীবনের সহকারী হিসেবে কাজ করছেন বলে জানায় পুলিশ।

গ্রেফতারকৃত মাহমুদুল হাসান রুবেল চুয়াডাঙ্গা  সদর থানার বেগমপুর এলাকার মো. আবু হানিফের ছেলে। ফতুল্লার সস্তাপুর এলাকায় তিনি ভাড়া বাসায় থাকেন। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

হোসেন চিশতী সিপলু/আরএআর/আরআইপি