‘আইনের নিজস্ব গতিতে চলবে খালেদা জিয়ার মামলা’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলা আইনের নিজস্ব গতিতে চলবে। খালেদা জিয়া আদালতে না গেলেও আইন তার নিজস্ব গতিতে চলবে।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই। আইন তার নিজস্ব গতিতে চলছে। যে যতটুকু অপরাধ করবে তাকে ততটুকু শাস্তি ভোগ করতে হবে। আমাদের দলের লোকজনকেও আইনের আওতায় এনেছি আমরা। এটি একটি বার্তা। জঙ্গিবাদ নির্মূলে সরকার কাজ করছে। বর্তমানে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে। আশা করি সবাইকে নিয়ে জঙ্গিবাদ নির্মূল করতে পারব।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-১ আসনের এমপি গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট হোসনে আরা বাবলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রশিদ ভূঁইয়া প্রমুখ।
আড়াইহাজার পৌরসভার ঝাউগাড়া এলাকায় প্রায় সোয়া বিঘা জায়গার ওপর বাংলাদেশ গণপূর্ত ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (ফায়ার) আওতায় ফায়ার সার্ভিসের অত্যাধুনিক তিনতলা ভবন নির্মিত হয়েছে। যেখানে নির্মাণ ব্যয় হয়েছে প্রায় ৮ কোটি টাকা।
নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবুল হোসেন জানান, দ্বিতীয় শ্রেণির পদমর্যাদার একজন স্টেশন অফিসারের তত্ত্বাবধানে ২৫ থেকে ৩০ জন সরকারি স্টাফ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
মো. শাহাদাত হোসেন/এএম/জেআইএম