ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কালো মাইক্রোবাসে ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

প্রকাশিত: ০২:৪৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

যশোর সদরের চুড়ামনকাটি বাজার থেকে নজরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে সাদা পোশাকধারীরা কালো মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে। এরপরই নজরুলের স্ত্রী ও মেয়ে র‌্যাব, কোতোয়ালি থানা ও ডিবি অফিসে যোগাযোগ করেন। কিন্তু কেউই আটকের কথা স্বীকার করেননি।

তবে সন্ধ্যায় এলাকার লোকজন র‌্যাব অফিসে হাজির হয়ে এ বাহিনীর সদস্যরা তুলে নিয়ে এসেছে বলে দাবি করে সন্ধান চায়।

নজরুল ইসলাম চুড়ামনকাটির মধ্য বাগডাঙ্গার সৈয়দ আহমেদের ছেলে। তিনি  পেশায় মুদি ও ধান-চাল ব্যবসায়ী বলে তার পরিবার জানিয়েছে।

তার নামে একাধিক মামলা আছে। নজরুল বিএনপিকর্মী বলে পরিবারটির পক্ষ থেকে দাবি করা হলেও জেলা বিএনপির সাধারণ সম্পাদক তা নিশ্চিত করেননি।

তার স্ত্রী ময়না বেগম প্রত্যক্ষদর্শীদের ভাষ্য দিয়ে জানান, নজরুল ইসলাম বেলা ১১টার দিকে মোটরসাইকেলযোগে চুড়ামনকাটি বাজারে আসেন। এ সময় কালো রঙের একটি মাইক্রোবাস থেকে নেমে সাদা পোশাকধারী ব্যক্তিরা নজরুলকে তুলে নিয়ে যায়। বাজারেই রেখে যায় মোটরসাইকেলটি।

তিনি আরও বলেন, আমার স্বামী বিএনপি করে। তবে কোনো নেতা না। মাসকয়েক আগে পুলিশের ক্রসফায়ারে শানতলা এলাকার যে জাহাঙ্গীর মারা যায়, ওই ঘটনায়ও আমার স্বামীকে আসামি করে পুলিশ। এছাড়া তার নামে একাধিক রাজনৈতিক মামলা আছে।

এদিকে, সন্ধ্যায় চুড়ামনকাটি এলাকার বেশকিছু লোক র‌্যাব যশোর ক্যাম্পে হাজির হয়। তারা দাবি করছেন, নজরুলকে র‌্যাব উঠিয়ে এনেছে।

তবে এ ব্যাপারে র‌্যাবের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে এ বিষয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন ও ডিবি ওসি ইমামুল হক নজরুল নামে কাউকে আটক করেনি বলে জানিয়েছেন।

মিলন রহমান/এএম/জেআইএম