স্কুলছাত্রীকে ধর্ষণের ছবি তুলে চাঁদা দাবি, আটক ২
প্রতীকী ছবি
কুমিল্লার মুরাদনগরে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর নগ্ন ছবি তুলে তার পরিবারের কাছে চাঁদা দাবি করেছে স্থানীয় একটি বখাটে চক্র। সম্প্রতি উপজেলার মুগসাইর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ শুক্রবার গভীর রাতে এঘটনায় জড়িত বখাটে খলিল (২২) ও তার সহযোগী মনির হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলার মুগসাইর গ্রামের মৃত বাচ্চু মিয়ার দত্তক মেয়ে ও মোগসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ওই ছাত্রীকে (১১) গত ৭ ফেব্রুয়ারি পার্শ্ববর্তী লহ্মীপুর গ্রামের মজিবুর রহমান স্বর্ণকারের ছেলে খলিল (২২) ধর্ষণ করে। এ সময় মোবাইলে তার নগ্ন ছবি ধারণ করে রাখা হয়। পরে প্রতারক খলিল এসব ছবি তার বেশ কয়েকজন বন্ধুর মোবাইলেও শেয়ার করে। পরে তার বন্ধুরা এসব ছবি পুঁজি করে ধর্ষিতার পরিবারের কাছে চাঁদা দাবি করে।
খবর পেয়ে ধর্ষিতার চাচাতো ভাই খাইরুল ইসলাম মিনহাজ ঢাকা থেকে এলাকায় এসে মোটা অংকের টাকার বিনিময়ে প্রতারক চক্রের কাছ থেকে এসব নগ্ন ছবি উদ্ধার করেন এবং বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। পরে এঘটনায় শুক্রবার গভীর রাতে পুলিশ বখাটে খলিল ও তার সহযোগী মনির হোসেনকে আটক করেছে।
মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
মো. কামাল উদ্দিন/আরএআর/এমএস