ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লাঠির আঘাতে সহপাঠীর মৃত্যু

প্রকাশিত: ০১:৪১ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭

কক্সবাজার সদরের খুরুশস্কুলে সহপাঠীর লাঠির আঘাতে সাইফুল ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে পটিয়া এলাকায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ঘাতকের মাকে আটক করেছে। সাইফুল খুরুশস্কুল রুহুল্যারডেইল এলাকার নুরুল ইসলামের ছেলে ও খুরুশস্কুল উচ্চ বিদ্যালয়ের অস্টম শ্রেণির ছাত্র।

খুরুশস্কুল ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দীন জানান, তিনমাস আগে নিহত সাইফুল ইসলাম ও তার সহপাঠী আরিফ হোসেনের মাঝে বাগবিতণ্ডা হয়। এই ঘটনার জের ধরে রোববার বেলা ২টার দিকে স্কুল থেকে ফেরার পথে ইউনিয়নের ফকির পাড়ায় সাইফুল ইসলামকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে আরিফ হোসেন। এতে গুরুতর আহত সাইফুলকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সোমবার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘাতক আরিফ হোসেন ইউনিয়নের ফকিরপাড়ার আনোয়ার হোসেন মাঝির ছেলে।

সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর থানা পুলিশের ওসি (পরিদর্শক) মাইন উদ্দীন জানান, এ ঘটনায় ঘাতক আরিফ হোসেন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য তার মা শানু বেগমকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হচ্ছে।

সায়ীদ আলমগীর/এমএএস/জেআইএম