ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭

কুমিল্লার বুড়িচংয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আবুল কালাম আজাদ (৩৮) নামে এক জুয়েলারি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়নল-লড়ীবাগ রাস্তার পাশে সিন্দুরিয়া রেল ব্রিজের নিকট এ ঘটনা ঘটে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বড়ুয়া স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানান, আবুল কালাম আজাদসহ তার অপর দুই সহযোগী মিজান ও জামাল মোটরসাইকেল নিয়ে ওই ব্রিজের নিকট পৌঁছালে তাদের উপর হামলার ঘটনা ঘটে।

এ সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই ব্যবসায়ী আজাদ নিহত হন। লুটে নেয়া হয় তাদের মোটরসাইকেল, টাকা-পয়সা ও মোবাইল ফোন। স্থানীয়রা আহত মিজানকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতাল ও জামালকে কুমেক হাসপাতালে ভর্তি করেছে।

আজাদ জেলার দেবিদ্বার উপজেলার বেগমাবাদ গ্রামের জমির আলীর ছেলে এবং দেবিদ্বার এসএ সরকারি কলেজ রোডে মমতা জুয়েলারির স্বত্বাধিকারী ছিলেন। তার মরদেহ বুড়িচং থানা পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

বুধবার সকালে কুমেক হাসপাতাল মর্গে নিহতের ময়নাতদন্ত শেষে বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মো. কামাল উদ্দিন/বিএ