ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ডাকাতি, আটক ৩
ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন ও ক্যামেরাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা। রোববার রাত আড়াইটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেইল (ওয়ান আপ) ট্রেনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। এরা হলেন-আনোয়ার হোসেন (২৭), বেলায়েত হোসেন (২৩), বেলাল হোসেন প্রকাশ (২৮)। তাদের সকলের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি পৌর এলাকায় বলে জানা গেছে। এসময় তাদের কাছ থেকে লুট করা একটি ক্যামেরা, হাতঘড়ি ও ডাকাতির কাজে ব্যবহৃত ছুরি, কাঁচি, স্কচটেপ উদ্ধার করা হয়।
ট্রেনের যাত্রী ও পরিচালকসহ সংশ্লিষ্টরা জানান, রাত আড়াইটার দিকে একদল ডাকাত ট্রেনের পেছনের দিকের প্রথম শ্রেণির নন এসি বগিতে (২৩১ নং) হানা দেয়। তারা ওই বগির প্রতিটি কেবিনে থাকা যাত্রীদেরকে অন্য একটি বগিতে নিয়ে হাত-পা বেঁধে সবার মুখে স্কচটেপ দিয়ে পেঁচিয়ে দেয়। পরে ডাকাতরা যাত্রীদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে ১২টি মোবাইল ফোন, নগদ প্রায় ৩৫ হাজার টাকা, একটি নাইকন ক্যামেরাসহ অন্যান্য মূল্যবান মালামাল ছিনিয়ে নেয়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন ফারুক মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশনে থামার পর অভিযান চালিয়ে ঐ তিন ডাকাতকে লুট হওয়া মালামালসহ আটক করা হয়।
এসএইচএ/এমএস