ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিরাপত্তার স্বার্থেই রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে স্থানান্তর প্রক্রিয়া

প্রকাশিত: ১১:৫০ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেছেন, পর্যটন ও দেশের সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তার স্বার্থে রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে স্থানান্তরের পদক্ষেপ নিচ্ছে সরকার। এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে কাজ করছে সংশ্লিষ্টরা। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে জেলা প্রশাসনের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। আমরা সব রোহিঙ্গার ডাটা বেইজ তৈরির কাজও এগিয়ে নিচ্ছি।

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়া সরকারের পাঠানো ত্রাণসামগ্রী বৃহস্পতিবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।

দ্বিতীয় ধাপে আরও ৩০০ রোহিঙ্গা পরিবারের মাঝে ত্রাণসামগ্রী তুলে দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।  

জেলা প্রশাসক আরও বলেন, মালয়েশিয়া সরকারের তরফ থেকে পাওয়া সহযোগিতা উখিয়া-টেকনাফের ১৫ হাজার রোহিঙ্গা পরিবারের মাঝে বিতরণ করা হবে। তার মধ্যে টেকনাফে সাড়ে ৫ হাজার ও উখিয়ায় সাড়ে ৯ হাজার রোহিঙ্গা পরিবার এসব ত্রাণসামগ্রী পাবেন।

Cox
ত্রাণ বিতরণ কমিটির প্রধান কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্পে ৩০০ ও উখিয়ার অনিবন্ধিত ক্যাম্পে ৩০০ পরিবারের মাঝে মালয়েশিয়া সরকারের দেয়া ত্রাণ বিতরণ করেছেন জেলা প্রশাসক আলী হোসেন।

চাল, ময়দা, ডাল, চিনি, তৈল, সাবান, দুধ, ওয়াশিং পাউডার, শুঁটকি, কম্বলসহ ১৬টি পণ্য বিতরণ করা হয়। প্রথম ধাপে উখিয়ায় ১৫০ পরিবার এবং বৃহস্পতিবার টেকনাফ-উখিয়ায় মিলে ৬০০ পরিবারে ত্রাণ বুঝিয়ে দেয়া হয়েছে। বাকি ত্রাণগুলো তালিকাভুক্তদের মাঝে যত দ্রুত সম্ভব হস্তান্তর প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, টেকনাফ-২ বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী, টেকনাফের সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমেদ, রেড ক্রিসেন্ট সোসাইটি হেড অফিসের (এনডিআরটি) সোহান, নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের নাজিম উদ্দীন, রেডক্রিসেন্টের (বিডিআরডিএস) জেলা কো-অর্ডিনেটর মো. সেলিম উদ্দীন প্রমুখ।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ত্রাণ বিতরণে সহযোগিতা দিচ্ছে।

সায়ীদ আলমগীর/এআরএ/পিআর