বেনাপোলে প্রকাশ্যে ১১ লাখ টাকা ছিনতাই
প্রকাশ্য দিবালোকে শত শত লোকের সামনে অস্ত্র ঠেকিয়ে এক সিএন্ডএফ প্রতিনিধির কাছ থেকে ১১ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে বেনাপোল লোকাল বাস স্ট্যান্ডের কাছে সোনালী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
অন্য এক ঘটনায় শার্শা জননী রাইস মিলের এক প্রতিনিধি বেনাপোল ব্যাংক থেকে ৪ লাখ টাকা তুলে মোটরসাইকেলে যাওয়ার সময় তার টাকার ব্যাগ রাস্তায় পড়ে যায়। এ সময় সেখানে থাকা কয়েকজন পথচারী টাকার ব্যাগ পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ সেখান থেকে আড়াই লাখ টাকা উদ্ধার করেছে। পুলিশ সন্দেহ ভাজন ৫/৬ জনকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, দুপুর ১ টার দিকে রাতুল ইন্টারন্যাশনাল নামের বেনাপোলের এক সিএন্ডএফ ব্যবসায়ীর কর্মচারী আব্দুর রহিম আমদানিকৃত পণ্য খালাশের শুল্ককরাদি জমা দিতে ইসলামী ব্যাংক থেকে ১১ লাখ টাকা ব্যাগে নিয়ে সোনালী ব্যাংকে যাচ্ছিলেন। ব্যাংকের সামনে পৌছানো মাত্র মোটরসাইকেলে আসা ৩ ছিনতাইকারী রহিমকে ইজিবাইক থেকে নামিয়ে মারপিট করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
পরে টাকার ব্যাগ না দিলে বুকে পিস্তল ঠেকিয়ে তার কাছে থাকা ১১ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় রহিম চিৎকার করলেও পাশে থাকা কোন লোকজন তার ডাকে সাড়া দেয়নি। এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। টাকাসহ ছিনতাইকারীদের আটকের জন্য অভিযান চলছে বলে তিনি জানান।
অন্যান্য দিন সোনালী ব্যাংকের সামনে পোর্ট থানা পুলিশের টহল থাকলেও সোমবার সেখানে কোন পুলিশ ছিল না বলে রাতুল ইন্টারন্যাশনাল সিএন্ডএফ এজেন্টের মালিক আব্দুল লতিফ জানিয়েছেন।
এদিকে শার্শার সামলাগাছি জননী রাইস মিলের এক প্রতিনিধি বেনাপোল সিটি ব্যাংক থেকে ৪ লাখ টাকা তুলে মোটর সাইকেলে যাওয়ার সময় বেনাপোলের কাগজপুকুর তনিমা ফিলিং ষ্টেশন থেকে তার টাকার ব্যাগ রাস্তায় পড়ে যায়। এসময় সেখানে থাকা কয়েকজন পথচারী টাকার ব্যাগ পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ সেখান থেকে আড়াই লাখ টাকা উদ্ধার করেছে।
বাকি দেড় লাখ টাকা উদ্ধারের চেষ্টা চলছে বলে ওসি জানান।
এমজেড/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ৩০ বছর পর বাবার হারানো আসন পুনরুদ্ধার করলেন ছেলে
- ২ চট্টগ্রামে নারী ভোটারদের বাড়িতে হামলার অভিযোগ, আহত ২ বোন
- ৩ বিএনপির জয়ে বাজিতে মহিষ জিতে ঢাকঢোল পিটিয়ে ফেরত দিলেন সমর্থক
- ৪ লালপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
- ৫ ফেনীতে জামায়াত কর্মীকে পিটিয়ে দাড়ি উপড়ে দিলেন বিএনপি কর্মীরা