ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিখোঁজের ৭ দিন পর নদীতে মিললো প্রবাসীর মরদেহ

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৩:০১ পিএম, ০২ মার্চ ২০১৭

কুমিল্লার মনোহরগঞ্জে নিখোঁজের ৭ দিন পর ডাকাতিয়া নদী থেকে মো. ইয়াকুব আলী (৫০) নামে এক প্রবাসীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজারের উত্তর পাশে ঝলম-ডুমুরিয়া গ্রামের মাঝামাঝি স্থান দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ইয়াকুব আলী উপজেলার উত্তর হাওলা গ্রামের মিজি বাড়ির মৃত. আবদুর রশিদের ছেলে। তিনি প্রায় ৪ মাস আগে ওমান থেকে দেশে এসেছিলেন।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আসরের নামাজের পর বাড়ি থেকে নিখোঁজ হন ইয়াকুব আলী। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

এ ঘটনায় ইয়াকুবের স্ত্রী শাহনাজ বেগম থানায় সাধারণ ডায়েরি করেন। বৃহস্পতিবার দুপুরে ডাকাতিয়া নদীতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশের মাধ্যমে খবর পেয়ে থানায় নিয়ে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।

মনোহরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মাহবুবুর কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে (কুমেক) হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে ইয়াকুব আলীকে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেয়া হয়।

মো. কামাল উদ্দিন/এএম/জেআইএম