ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফতুল্লায় অশ্লীল ছবি কপিরাইট : গ্রেফতার ৮

প্রকাশিত: ১০:০২ এএম, ০৬ মার্চ ২০১৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধভাবে পর্নো ছবিসহ বিভিন্ন শিল্পীর অশ্লীল ছবি কপিরাইট করে বাজারে বিক্রি করার অপরাধে আটজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় কম্পিউটারের সিপিইউ, হার্ডডিস্ক, পর্নো সিডিসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়।

রোববার রাতে ফতুল্লার পাগলা বাজারে র‌্যাব-১১ এর সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাদের ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়। তারা সবাই পাগলা বাজারের হাজী মিছির আলী ও জসিম মার্কেটের ব্যবসায়ী।

গ্রেফতারকৃতরা হলেন- দেলপাড়ার গোলাপবাগের আব্দুল মান্নানের ছেলে ওমর ফারুক (৩৮), পশ্চিম নয়ামাটির ইসমাইল হোসেনের ছেলে সবুজ মিয়া (২৩), পশ্চিম দেলপাড়ার জাকির হোসেনের ছেলে কাজল হোসেন (২০), পাগলা শান্তি নিবাসের শামসুল আলমের ছেলে মুসফিকুল ইসলাম (২০), পাগলা নয়ামাটির মৃত মতিউর রহমানের ছেলে আকাশ (২৭), পাগলা কামালপুরের মৃত ত্রীনাথ চন্দ্র রাজবংশীর ছেলে শ্রী অজিত চন্দ্র রাজবংশী (২২), শ্রী সাধু রাজবংশীর ছেলে শ্রী সৈকত (২২) ও শ্রী জয়রাম রাজবংশীর ছেলে শ্রী আকাশ রাজবংশী (২২)।

মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন জানান, পাগলা বাজারের হাজি মিছির আলী সুপার মার্কেটের নিচতলা এবং জসিম মার্কেটের দ্বিতীয় তলায় বিভিন্ন কম্পিউটারের দোকানে কয়েকজন অসাধু ব্যবসায়ী নিজেদের কাছে কম্পিউটারের সিপিইউতে হার্ডডিস্কের মধ্যে পর্নো ছবি, বিভিন্ন শিল্পীর অশ্লীল গান, সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি কপিরাইট করে অবৈধভাবে বাজারে বিক্রি করে আসছিল।

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি টিমের সহযোগিতায় ঢাকার এমআইবির এন্টি পাইরেসি (টাস্কফোর্স) রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

পরে সোমবার টাস্কফোর্সের অপারেশন অফিসার এমআর আলম চৌধুরী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দিয়ে আসামিদের হস্তান্তর করেন।

শাহাদৎ হোসেন/এআরএ/জেআইএম