ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

না.গঞ্জে যুবদলের মিছিলে লাঠিচার্জ

প্রকাশিত: ১২:২৫ পিএম, ০৯ মার্চ ২০১৭

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলায় চার্জশিট দেয়ার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের মিছিলে পুলিশের বাধাসহ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় পুলিশের লাঠিচার্জে জেলা যুবদলের সভাপতি ও মহানগর যুবদলের আহ্বায়কসহ ১৫ জন আহত হয়েছেন।

যুবদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তির ঘটনাও ঘটে।   
 
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ আর্ট কলেজের সামনে থেকে বের হওয়া জেলা যুবদলের বিক্ষোভ মিছিলটি ডিআইটির আলী আহাম্মদ চুনকা পৌর মিলনায়তনের সামনে আসলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে ধ্স্তাধস্তিতে জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেনসহ অন্তত পাঁচজন আহত হয়েছে। পরে পুলিশ জেলা যুবদলের ব্যানার কেড়ে নিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

Narayanganj
এদিকে বিকেলে নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়া এলাকায় মহানগর যুবদলের মিছিলে বাধা দেয় পুলিশ। এসময় পুলিশের  সঙ্গে নেতাকর্মীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মিছিলে নেতৃত্ব দেয়া মহানগর যুবদলের আহ্বায়ক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদকে আটকের চেষ্টা করে পুলিশ। এসময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় যুবদলের ১০ নেতাকর্মী আহত হন।

এ ব্যাপারে যুবদলের আহ্বায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, শান্তিপূর্ণ মিছিলে বিনা উসকানিতে আমাদের
লাঠিচার্জ করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, জনস্বার্থ বিঘ্নিত করে সমাবেশ করায় রাস্তা থেকে যুবদল নেতাকর্মীদের সরিয়ে দেয়া হয়েছে।
 
শাহাদাত হোসেন/এআরএ/পিআর