ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ধাওয়ায় যুবকের মৃত্যু : জনতার রোষানলে পুলিশ

প্রকাশিত: ০৫:১৪ এএম, ১০ মার্চ ২০১৭

কুমিল্লায় পুলিশের ধাওয়ার মুখে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনায় উত্তেজিত জনতা পুলিশের একটি মাইক্রোবাসে আগুন দিয়েছে। এসময় তারা ২ পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে।

শুক্রবার ভোরে জেলার সদর উপজেলার বালুতোপা বাজারের পাশের সীমান্তমূখী একটি রাস্তায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৯টার দিকে আটকদের উদ্ধার করে জেলা সদরে নিয়ে আসে।

স্থানীয়দের অভিযোগ, পুলিশ রাস্তা থেকে প্রায় ৩শ ফুট দূরে একটি ধানের জমিতে নিহত ওই যুবকের মরদেহ গুম করতে চেয়েছিল। তাই তাদের আটক করা হয়।
 
তবে পুলিশ জানায়, সদর দক্ষিণ মডেল থানার এএসআই জহিরের নেতৃত্বে পুলিশ রাস্তায় টহল দিয়ে ভোরে থানায় ফেরার পথে সদর উপজেলার চাপাপুর এলাকায় এক মোটরসাইকেল আরোহীকে ধাওয়া করলে সে রাস্তা থেকে ছিটকে পড়ে নিহত হয়। এসময় পুলিশের ব্যবহৃত একটি মাইক্রোবাসও রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে আটকে যায়।

এ ঘটনায় সকালে উত্তেজিত জনতা ঘটনাস্থল থেকে পুলিশ কনস্টেবল কামাল ও খোরশেদকে আটক করে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ২ পুলিশ কনস্টেবলকে উদ্ধার করেছে।

এদিকে জনতার কবল থেকে উদ্ধার হওয়া ২ পুলিশ সদস্যকে ঘটনার বিষয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।

সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ওই যুবক নিহত হয়েছে, অন্য কারণে নয়। কিন্তু এ নিয়ে পুলিশের সঙ্গে স্থানীয়দের ভুল বোঝাবুঝি হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাল মর্গে নেয়া হয়েছে।  

কামাল উদ্দিন/এফএ/পিআর

আরও পড়ুন