বেনাপোল সীমান্তে নারী শিশুসহ ৫৬ জন আটক
অবৈধ পথে ভারত থেকে দেশে ফেরার সময় বেনাপোল সীমান্তে নারী শিশুসহ ৫৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার রাত ১০টার দিকে বেনাপোলের সাদিপুর সীমান্ত এলাকা থেকে এদের আটক করা হয়। আটকদের মধ্যে, ২৮ জন পুরুষ, ১৬ জন নারী, ৯টি শিশু ও ৩ জন বৃহন্নলা (হিজড়া) রয়েছেন। তাদের বাড়ি যশোর, খুলনা, ফরিদপুর, কুষ্টিয়া, নড়াইল, পিরোজপুর, ঢাকা ও সাতক্ষীরা জেলার বিভিন্নস্থানে।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জাগো নিউজকে জানান, আটকরা সবাই বাংলাদেশি নাগরিক। তারা ভারতের বিভিন্ন শহরে কাজ করতেন। সীমান্ত পার করে দেয়ার কথা বলে ওপারের দালালরা তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা অর্থ হাতিয়ে নেন। বিজিবি`র উপস্থিতি টের পেয়ে তাদেরকে ফেলে দালালরা পালিয়ে যান।
তিনি আরো জানান, রোববার রাতে বেনাপোল চেকপোস্টে বিজিবি ক্যাম্পের টহলদল এদেরকে সীমান্ত এলাকা থেকে আটক করে রাতে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি অপূর্ব হাসান বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, আটকদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে মামলা দায়ের করা হয়। সোমবার দুপুরে তাদেরকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
এমজেড/এমএএস/আরআইপি