ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নদী রক্ষায় না.গঞ্জে বাপার সমাবেশ

প্রকাশিত: ১০:৫৪ এএম, ১৪ মার্চ ২০১৭

নারায়ণগঞ্জের ওপর দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যাসহ দেশের সকল নদী রক্ষার দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।  

নদী রক্ষাসহ নদীর পানি দূষণরোধে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং নদী দূষণকারীদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে বলে সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দেন।   

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাটে ‘বিশ্ব নদীকৃত্য দিবসের দাবি, নদী রক্ষায় হাইকোর্টের নির্দেশ বাস্তবায়ন কর’ ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
সমাবেশ বক্তারা শীতলক্ষ্যার সেই যৌবনকাল তথা স্বচ্ছ সুপেয় পানির অধ্যায় বর্ণনা করেন। তখন অনেককে নাকে রুমাল চেপে রাখতে দেখা গেছে। কারণ যৌবন হারানো শীতলক্ষ্যার পানি এখন আর স্বচ্ছ নেই। এই নদীর পানি কালো রঙ ধারণ করে এখন দুর্গন্ধ ছড়ায়।

সমাবেশে বাপা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মতিন বলেন, নদী রক্ষার জন্য কেউ যথার্থ কাজ করছ না। হাইকোর্ট নির্দেশও উপেক্ষিত।

শীতলক্ষ্যা নদী ঘিরে স্মৃতিচারণে মুক্তিযোদ্ধা জালালউদ্দিন বলেন, এক সময় শীতলক্ষ্যার পানি মাথায় দিত মানুষ, কেউ বা আবার তৃষ্ণায় পান করতো। জোয়ার ভাটায় শীতলক্ষ্যার পানি ওষুধ হিসেবেও বাসায় নিয়ে যেতে। শিশু মাছসহ বিভিন্ন মাছের আনাগোনা দেখা যেতো। কিন্তু সেই যৌবন এখন নেই। আমরাই আমাদের নদীকে মেরে ফেলেছি। তাই এখন আমাদের নদী রক্ষার্থে সবাইকে এগিয়ে আসতে হবে।
 
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক একেএম আরিফউদ্দিন বলেন, বাসা বাড়িসহ বাজারের ময়লা নদীর পাড়ে ফেলে দুর্গন্ধ বের হয়। এছাড়া সিটি কর্পোরেশনের স্যুয়ারেজের ড্রেনগুলো পানি শোধন করে যেন নদীতে ফেলা হয়।
 
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নারায়ণগঞ্জ জেলার সভাপতি এবি সিদ্দিকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সদস্য প্রফেসর মোজাম্মেল হক।

এছাড়া উপস্থিত ছিলেন, বাপা নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি নাছিরউদ্দিন মন্টু, সাধারণ সম্পাদক তারেক বাবু, পরিবেশ কর্মী জলিলউদ্দিন, জাহানা বেগম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, উদীচী শিল্পী গোষ্ঠী নারায়ণগঞ্জ জেলার সভাপতি জাহিদুল হক দিপু প্রমুখ।

মো. শাহাদাত হোসেন/এএম/এমএস