ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

না.গঞ্জে ১৬ বাড়ি আগুনে পুড়ে ছাই

প্রকাশিত: ০৩:০০ পিএম, ১৪ মার্চ ২০১৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় বসত বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রায় ১৫-১৬টি টিনের তৈরি বসত ঘর। তবে সঠিক সময়ের মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে না পৌঁছায় বসত ঘরসহ আসবাবপত্রগুলো আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

মঙ্গলবার বিকেলে ফতুল্লার মাসদাইর ঘোষেরবাগ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কোথায় থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা সঠিকভাবে জানা যায়নি।
    
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকেলে মাসদাইর ঘোষেরবাগ এলাকায় ঘটকের বাড়ির একটি বসত ঘর হতে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা আস্তে আস্তে বেড়ে আশে পাশের ঘর গুলোতে আগুন ছড়িয়ে পড়ে।

পরে এলাকার লোকজন বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করলেও তা আর সম্ভব হয়নি। এতে করে আগুনে প্রায় ১৫-১৬টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত সুফিয়া জানান, আগুনে তার ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের তাপমাত্রা বেশি হওয়ায় ঘর থেকে কিছু বের করা সম্ভব হয়নি। তবে কোন ঘর থেকে আগুন লেগেছে এবং কীভাবে লাগছে তা বলতে পারেননি।     
 
নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা তানভীরুল আলম জানান, মাসদাইর ঘোষেরবাগে বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার সংবাদে দুইটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

কিন্তু তার আগেই আগুনে পুড়ে গেছে প্রায় ১৫-১৬টি টিনের তৈরি বসত ঘর। যেকানো একটি ঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনে পুড়ে প্রায় ১০-১২ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে।

মো. শাহাদাত হোসেন/এএম/এমএস