ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

তিতাস গ্যাস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় মামলা

প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১৪ মার্চ ২০১৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় অন্তু টেক্সটাইল মিলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের সময়ে হামলার অভিযোগে মালিকসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ তিতাস ডিসিট্রবিউশনের (ফতুল্লা জোনাল অফিস) ব্যবস্থাপক মফিজুল ইসলাম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।

মামলার সূত্রে জানা গেছে, ফতুল্লার পশ্চিম হাজীগঞ্জ ওয়াবদারপুল এলাকায় অবস্থিত মেসার্স অন্তু টেক্সটাইল মিলের মালিক দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে অতিরিক্ত ক্ষমতা সম্পন্ন বয়লার বসিয়ে গ্যাস ব্যবহার করে আসছিল।

এমন অভিযোগে গত ১৬ ফেব্রুয়ারি তিতাস অফিসের লোকজন গিয়ে গ্যাস লাইন বিচ্ছিন্ন করে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে। কিন্তু তারপরও কারখানার মালিক অবৈধভাবে গ্যাস লাইন সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করে।

গত ৮ মার্চ সকালে অফিসের প্রকৌশলী মাহফুজুর রহমান, জুয়েল রানা, শাহে আলমসহ কয়েকজন কর্মকর্তা গিয়ে কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে মিটার, রেগুলেটরসহ অন্যান্য মালামাল নিয়ে আসার চেষ্টা করে। এ সময় কারখানার মালিক রিপন, আবুল মুহুরিসহ আরও ১৫-২০ জন মিলে তাদের ওপর হামলা চালিয়ে মালামাল ছিনিয়ে নেয়।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মো: শাহাদাত হোসেন/এএম/আরআইপি