ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কারাভোগ শেষে দেশে ফিরলেন ৫ বাংলাদেশি

প্রকাশিত: ০২:৪১ পিএম, ১৬ এপ্রিল ২০১৫

ভারতে ৫ বছর কারাভোগের পর শিশুসহ ৫ বাংলাদেশি নারী-পুরুষকে ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত দিল ভারতীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ভারতের পেট্রাপোল পুলিশ ইমিগ্রেশন বেনাপোল চেকপোস্ট পুলিশের ইমিগ্রেশনের কাছে তাদের হস্তান্তর করেন।

তারা হলেন, যশোরের শার্শা উপজেলার গোড়পাড়া গ্রামের সাধু মল্লিকের মেয়ে হাজারী মল্লিক (৩০) এবং তার শিশু পুত্র আকাশ বিশ্বাস (৫), পটুয়াখালীর কলাপাড়া থানার নীলগঞ্জ গ্রামের হানিফ হাওলাদারের ছেলে সুজন হাওলাদার (২২), সাতক্ষীরা সদরের শ্রী কলস এলাকার শাহাবুদ্দিনের মেয়ে জুলেখা খাতুন (২৮) ও একই এলাকার কালাম সানার মেয়ে সালমা খাতুন (২৬)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন খান জাগো নিউজকে জানান, ৫ বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে তারা ভারতে যান। তারা বিভিন্ন শহরে বাসা-বাড়িতে কাজ করতেন। এ সময় কলকাতার পুলিশ তাদের আটক করে জেলহাজতে পাঠান। সেখান থেকে কোলকাতার জাবালা, সুকণ্যা ও সংলাপ নামের এনজিও সংস্থা তাদের উদ্ধার করে নিজেদের শেল্টার হোমে রাখেন। পরে তারা মহিলা আইনজীবী সমিতি ও মানবাধিকার সংস্থা রাইটস যশোরের সাথে যোগাযোগ করে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন।

দু`দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের পর বৃহস্পতিবার বিকেলে তাদের দেশে ফেরত আনা হয়। তাদেরকে চেকপোষ্ট পুলিশ ইমিগ্রেশন বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জাগো নিউজকে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তাদের পরিবারের কাছে পৌঁছে দেয়ার জন্য তিনজনকে যশোর মহিলা আইনজীবি সমিতি ও দুইজনকে রাইটস যশোরের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমজেড/আরআইপি