ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শ্রীপুরের হেরাবন আস্তানায় অভিযান : ৬ ভক্ত আটক

প্রকাশিত: ১২:২৮ পিএম, ২০ মার্চ ২০১৭

গাজীপুরের শ্রীপুর উপজেলার ফুলানীরছিট এলাকার ১ হেক্টর বনের জমি দখলে নিয়েছে বন বিভাগ। সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত শ্রীপুর রেঞ্জের বন কর্মকর্তা-কর্মচারীরা অভিযান চালিয়ে এ জমি উদ্ধার করে।

এসময় কর্তব্যে বাধা দেয়ায় হেরাবনের ছয় ভক্তকে আটক করা হয়েছে। তারা হলেন- সেকান্দার (৬০), নজরুল ইসলাম (২৮), সাফিজ উদ্দিন (৩৫), মাহফুজ (২৪), রাসেল (২৪) ও ফজলুল হক (৪৫)। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হক জানান, জয়গুরু মনির শাহ নামে এক ব্যক্তি শিমলাপাড়া বন বিটের গহীন অরণ্যে প্রায় ১০ বছর ধরে ‘হেরাবন’ নামে আস্তানা গড়ে তোলেন। আধ্যাত্মিক সাধক পরিচয়ে সংরক্ষিত বনের ভেতর প্রাকৃতিক গাছ কেটে বনের জমি দখল করেন।

এক সময় ওই গ্রামের আবু তালেবের মা জমিলা খাতুন তার আশ্রয়ের জন্য ৭ শতাংশ জমি লিখে দেন। পরে মনির শাহ সেখানে ‘হেরাবন’ আস্তানা গড়ে তোলেন। কিছু দিনের মধ্যে স্থানীয় ও দূর-দূরান্তের অসংখ্য ভক্ত হয় তার। এসময় তিনি লিখে দেয়া জমির বাইরেও বনের প্রায় ১২ বিঘা জমি দখলে নিয়ে প্রাকৃতিক বন ধ্বংস করে আস্তানার জন্য স্থাপনা গড়ে তোলেন। কিছু অংশে আমের চারা রোপণ করেন। এর আগেও কয়েকবার আস্তানা উচ্ছেদের চেষ্টা করা হয়। পরে স্থানীয় ভক্ত অনুসারীদের অনুরোধ ও বাধার মুখে উদ্যোগ ভেস্তে যায়।

চলতি মাসে হেরাবন আস্তানার অবৈধ দখল ও মাদক সংশ্লিষ্টতার বিষয়টি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়। এর পরই অভিযান পরিচালিত হয়। এসময় বনের জমিতে গড়ে তোলা কয়েকটি স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।

তবে জয়গুরু মনির শাহ নিজ মালিকানা জমিতে কোনো অভিযান পরিচালিত হয়নি। এসময় কর্তব্যে বাধা দেয়ায় হেরাবনের ছয় ভক্তকে আটক করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পরবর্তীতে ওই স্থানে বনায়নের জন্য বৃক্ষরোপণ করা হবে।

আস্তানা গুঁড়িয়ে দেয়ার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন জানান, প্রাকৃতিক বন ধ্বংস করে এমন আস্তানা গড়ে তোলা রহস্যময়। এলাকার সাধারণ মানুষের আবেগ-অনুভূতিকে পুঁজি করে মনির শাহ আস্তানা গড়ে তোলেন।

হেরাবন আস্তানার প্রধান সাধক জয়গুরু মনির শাহ সাংবাদিকদের জানান, বন বিভাগের জমিতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এখানে আমার নিজ নামে জমির ভেতরে থাকা স্থাপনা ভেঙে দেয়া হয়েছে। এতে বাধা দিলে আমার ছয় ভক্তকে বন বিভাগ আটক করে নিয়ে গেছে।

প্রথম থেকেই একটি মহল না জেনে শুনে মাদক ব্যবসা ও সেবনের অপ্রপচার দিয়ে আসছিল। এ আস্তানায় কোনো মাদক সেবন হয় না। এলাকাটি মাদকমুক্ত রাখতে আস্তানা কর্তৃপক্ষ শুরু থেকেই সচেতন।

আমিনুল ইসলাম/এআরএ/এমএস