ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে দুর্বৃত্তদের হামলায় কেবল অপারেটর নিহত

প্রকাশিত: ০১:১৮ পিএম, ১৯ এপ্রিল ২০১৫

যশোরে দুর্বৃত্তদের হামলায় এক কেবল অপারেটর (ডিসলাইন ব্যবসায়ী) নিহত হয়েছেন। নিহত আতাউর রহমান (৩২) যশোর সদর উপজেলার নূরপুর গ্রামের ফিরোজ হায়দারের ছেলে।

শনিবার রাতে হামলার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে যশোর সদর উপজেলার কলাবাগান এলাকায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। রোববার সকালে উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. আবুল কালাম আজাদ জানিয়েছেন, আতাউর রহমানের গলার বাম পাশে ছিদ্র রয়েছে। এটি গুলি নাকি ছুরিকাঘতের দাগ তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তার দুই হাতে ছুরিকাঘাতের ক্ষত রয়েছে।

যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী পরিবারের বরাত দিয়ে আতাউরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কারা এবং কি কারণে আতাউরকে হত্যা করেছে তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

এমএএস/আরআই