ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

২৮ মার্চ মধ্যরাতের পরই কুসিকে প্রচার-প্রচারণা বন্ধ

প্রকাশিত: ০১:৩২ পিএম, ২৬ মার্চ ২০১৭

কুমিল্লা সিটি নির্বাচনের আর মাত্র ৩ দিন বাকি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সময় মতো বহিরাগতদের এলাকা ত্যাগ, যানবাহন ও প্রচার বন্ধে পৃথক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

রোববার বিকেলে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বহিরাগতদের এলাকা ত্যাগের নির্দেশ : কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা কিংবা ভোটার নয় তাদের ২৭ মার্চ দিবাগত রাত ১২টার মধ্যেই নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

রোববার বিকেলে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি জানান, রাত ১২টা থেকে বহিরাগতরা এলাকা না ছাড়লে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা : অপর এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২৯ মার্চ রাত ১২টা থেকে ৩০ মার্চ রাত ১২টা পর্যন্ত নির্বাচন কমিশন অনুমোদিত ছাড়া কোনো ধরনের যানবাহন চলতে পারবে না।

এছাড়া সিটি কর্পোরেশন নির্বাচনী এলাকায় ২৭ মার্চ দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৩১ মার্চ সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেলের ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে।

প্রার্থীদের প্রচারণা বন্ধ : এদিকে, নির্বাচনী এলাকায় প্রার্থীদের সকল প্রকার প্রচারণা বন্ধের নির্দেশ জারি করা হয়। এক বিজ্ঞতিতে উল্লেখ করা হয়, ২৮ মার্চ মধ্যরাত ১২টা থেকে ১ এপ্রিল দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় কোন ব্যক্তি কোনো জনসভা, অনুষ্ঠান এবং কোনো মিছিল বা শোভাযাত্রা করতে পারবে না। কেউ বিধি লঙ্ঘন করলে ব্যবস্থা নেয়া হবে।

মো. কামাল উদ্দিন/এএম/আরআইপি