ফতুল্লায় আনসার-পুলিশের বাগবিতণ্ডা : গাড়ি ভাঙচুর
নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিকেএমইএ`র সভাপতি সেলিম ওসমানের মালিকানাধীন একটি রফতানিমুখী পোশাক কারখানার আনসার সদস্যদের সঙ্গে পুলিশের সংঘষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ৬ জন পুলিশ ও আনসার সদস্য আহত হয়েছে।
রোববার দিনগত রাত সাড়ে ৯টায় ফতুল্লার শিহাচর শাহজাহান রোলিং মিল এলাকাস্থ উইসডম গার্মেন্টের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফতুল্লা মডেল থানার পুলিশের এসআই কাজি এনামুলের নেতৃত্বে পুলিশের একটি টিম উক্ত এলাকায় মাদক উদ্ধার অভিযানে যান। এ সময় পুলিশের বহনকৃত সাদা মাইক্রোবাস গামেন্টেসটির পাশে রেখে অভিযানে যায়। পরে কারখানার আনসার সদস্য এসে গাড়িটি সরাতে বলে। এ নিয়ে আনসার সদস্যদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা সৃষ্টি হয়। এর এক পর্যায়ে পুলিশের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষের সৃষ্টি হয়।
ফতুল্লা মডেল থানার এসআই কাজী এনামুল হক জানান, রাত সাড়ে ৯টায় শাহজাহান রোলিং মিল এলাকায় ফোর্স নিয়ে মাদক উদ্ধার অভিযানে আসি। উসডম গার্মেন্টের কাছে মাইক্রোবাসের চালক ফরিদ ও কনেস্টেবল হেলিমকে রেখে এলাকার ভেতরে প্রবেশ করি। এরপর ওই গার্মেন্টের আনসার সদস্যরা আমাদের গাড়ি সরাতে বলে। এ নিয়ে আনসার সদস্যদের সঙ্গে আমাদের গাড়ির চালক ও কনেস্টেবলের তর্ক হয়।
তিনি আরও বলেন, এর এক পর্যায়ে অতিরিক্ত আনসার সদস্য এসে গাড়ির কাচ ভেঙে ফেলে। এছাড়া চালক ও কনেস্টেবলকে ধরে গার্মেন্টের ভেতরে নিয়ে যায়। কনেস্টেবল হেলিমের হাত থেকে শর্টগানও কেড়ে নেয়া হয় এবং দু`জনকে মারধর করে। পরে চালক ও কনেস্টেবলকে উদ্ধার করি।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর উপজেলা আনসার অফিসার অজিৎ কুমার দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশের অস্ত্র ফিরিয়ে দিয়েছি। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
তবে এ বিষয়ে গার্মেন্টস কর্তৃপক্ষ কোনো কথা বলতে রাজি হয়নি।
শাহাদাত হোসেন/আরএস