ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোর বোর্ডে কমেছে ২১ হাজার পরীক্ষার্থী

প্রকাশিত: ০২:৩৯ পিএম, ৩১ মার্চ ২০১৭

আগামী ২ এপ্রিল থেকে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে এক লাখ ৪ হাজার ১২৯ শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার অন্তত ২১ হাজার পরীক্ষার্থী কমেছে। গত বছর এ বোর্ড থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ২৫ হাজার ৫০০ শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র।

শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, যশোর শিক্ষাবোর্ডের আওতায় খুলনার বিভাগের ১০ জেলার ৫৬৯টি কলেজ থেকে ১ লাখ ৪ হাজার ১২৯ এইচএসসি পরীক্ষা দেবে। ২১৩ টি কেন্দ্রে তাদের পরীক্ষা নেয়া হবে। পরীক্ষার্থীর মধ্যে মানবিক বিভাগে শিক্ষার্থী রয়েছে ৬৩ হাজার ৬৫১ জন ও ব্যবসা শিক্ষা বিভাগে রয়েছে ২২ হাজার ৫৪০ শিক্ষার্থী এবং বিজ্ঞান বিভাগে মোট শিক্ষার্থী রয়েছে ১৭ হাজার ৯৩৮ জন।

১০ জেলার মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী খুলনা জেলায়। খুলনা জেলায় পরীক্ষার্থী রয়েছে ১৯ হাজার ৩২৪ জন। আর সবচেয়ে কম পরীক্ষার্থী রয়েছে মেহেরপুরে। এখানে পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৯০৬ জন। এছাড়া যশোরে ১৮ হাজার ৭৮১ জন, ঝিনাইদহে ১৪ হাজার ৩৪৪, কুষ্টিয়ায় রয়েছে ১১ হাজার ৬৩০ পরীক্ষার্থী। সাতক্ষীরা জেলায় রয়েছে ১১ হাজার ৩০৭, বাগেরহাটে রয়েছে ৭ হাজার ৩২০, চুয়াডাঙ্গায় ৬ হাজার ৪৬০, মাগুরায় ৫ হাজার ৯৫৪ ও নড়াইলে রয়েছে ৫ হাজার ১০৩ জন।

যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থী কম। কারণ গত বছর অনিয়মিত পরীক্ষার্থী ছিল অনেক বেশি। তিনি উল্লেখ করেন, সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কোনো শিক্ষক-শিক্ষার্থী পরীক্ষার নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

মিলন রহমান/এআরএ/পিআর