নকলে বাধা দেয়ায় শিক্ষককে লাঞ্ছিত করলো ছাত্রলীগ
কুমিল্লায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে আসন পরিবর্তন ও নকলে বাধা দেয়ায় ছাত্রলীগ কর্মীদের হাতে এক কলেজ শিক্ষক লাঞ্ছিত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে জেলার দেবিদ্বার উপজেলা সদরে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় বিকেলে হামলার শিকার শিক্ষক ইনামুল হক কুমিল্লা শিক্ষাবোর্ডে এসে পরীক্ষা নিয়ন্ত্রক মো: কায়সার আহমেদকে হামলার বিষয়টি অবহিত করেন।
কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জাগো নিউজকে জানান, পরীক্ষায় বৈআইনী সুবিধা না পেয়ে যারা শিক্ষকের উপর হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হামলার শিকার ওই শিক্ষককে লিখিতভাবে বোর্ড চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিতে বলা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার দেবিদ্বার জোবেদা খাতুন মহিলা কলেজ কেন্দ্রের ২০১ নং কক্ষে পৌরনীতি ও জীববিজ্ঞান পরীক্ষা চলাকালে দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজের কয়েকজন পরীক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী নকল করার চেষ্টা করে। এছাড়াও পরীক্ষার শেষ পর্যায়ে জীব বিজ্ঞান বিষয়ের একাধিক পরীক্ষার্থী আসন পরিবর্তনের চেষ্টাকালে ওই কক্ষে দায়িত্বরত পরিদর্শক মোহাম্মদপুর সেরাজুল হক কলেজের পদার্থ বিদ্যার প্রদর্শক ইনামুল হক বাধা দিলে তারা তাকে হুমকি দেন।
এ ঘটনায় ওই শিক্ষক জানান, পরীক্ষা শেষে তিনি আরো কয়েকজন শিক্ষকের সঙ্গে কুমিল্লাগামী সুগন্ধা পরিবহনের একটি বাসে উঠার পর ক্ষুব্ধ কয়েকজন অজ্ঞাতনামা পরীক্ষার্থী স্থানীয় ছাত্রলীগ কর্মীদের নিয়ে নিউমার্কেট এলাকায় বাসে উঠে তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা তাকে মারধর করে লাঞ্ছিত করে। এক পর্যায়ে তাকে রক্ষা করতে সঙ্গে থাকা অন্য শিক্ষকরা এগিয়ে আসলে তাদেরকেও লাঞ্ছিত করা হয়। এর আগে ছাত্রলীগ কর্মীরা বেলা ১১টার দিকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় কলেজের পিয়ন আ: আলীম বাধা দিলে তাকে মারধর করে আহত করে। পরে ছাত্রলীগ কর্মীরা জোবেদা খাতুন মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ মাসুদকে পাশ্ববর্তী দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ কেন্দ্রে পেয়ে তাকে অশ্লীল ভাষায় গালাগালি করে হুমকি দিয়েছে বলে ওই অধ্যক্ষ সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি আরো জানান, এ বিষয়ে কলেজ পরিচালনা কমিটির মতামতের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।
এমএএস/আরআই