ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সারোয়ার-তামিম গ্রুপের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৪:৩৩ এএম, ০৭ এপ্রিল ২০১৭

নারায়ণগঞ্জ ও কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের ৮ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

এসময় তাদের কাছ থেকে জঙ্গিবাদী বই ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তবে কখন তাদের গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জের আদমজীনগরস্থ র‌্যাব-১১ ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন, রাজধানীর ডেমরা এলাকার জামাল ওরফে রাসেল জিহাদি (৩৫), ডেমরা কদমতলী এলাকার খন্দকার আবু নাঈম ওরফে নাঈম জিহাদি (৪৯), কোনাপাড়া এলাকার মো. নুরুল আবছার (২৭), সিদ্ধিরগঞ্জের মো. মহসিন (৫২), রূপগঞ্জের জাবির হাওলাদার (২২), কুমিল্লার দাউদকান্দি এলাকার আক্তারুজ্জামান ওরফে মারুফ (৩২), একই জেলার মুরাদনগর এলাকার ওমর ফারুক (৩২) ও গৌরীপুর এলাকার আবুল কাশেম মুন্সী (৩১)।

র‌্যাব-১১ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান জানান, বৃহস্পতিবার গভীর রাতে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) কিছু সদস্য (সারোয়ার ও তামিম গ্রুপ) গোপন বৈঠক করার জন্য একত্রিত হয়েছিল। এ সময় সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকায় নবনির্মিত পারিজাত মার্কেটে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে পাঁচ সদস্যকে আটক করে। ওই মার্কেটে তল্লাশি চালিয়ে জিহাদি বই ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী কুমিল্লার গৌরীপুরে অভিযান চালিয়ে অপর তিনজনকে আটক করা হয়।

লে. কর্নেল কামরুল হাসান বলেন, আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সারোয়ার ও তামিম গ্রুপের সক্রিয় সদস্য। তারা বিগত দেড় বছর যাবৎ একত্রিত রয়েছে। গ্রুপটির মূল সমন্বয়কারী জামাল ওরফে রাসেল জিহাদি। বিভিন্ন স্থানে নাশকতা করার উদ্দেশ্যে তাঁরা বিস্ফোরকগুলো মজুত করেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সংঘবদ্ধ দলটি সংগঠনের সদস্যপদ বৃদ্ধি এবং সংগঠনের বিভিন্ন প্রয়োজন যেমন, সক্রিয় সদস্যদের বাড়িভাড়াসহ অন্যান্য প্রয়োজনের তাগিদে ভুয়া জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য নথিপত্র তৈরি করতেন। এ ছাড়া তারা ফেসবুকে বিভিন্ন উগ্রবাদী মতাদর্শ প্রচার করতেন। সম্প্রতি তারা নতুন সদস্যপদ বৃদ্ধির জন্য প্রায় দুই মাস আগে ‘নতুন দিগন্ত’ নামের একটি অনলাইন ই–কমার্স জাতীয় এমএলএম কোম্পানি চালু করে।

তিনি আরও জানান, জেএমবির আটক এই সদস্যরা নারায়ণগঞ্জ ছাড়াও ঢাকা, কুমিল্লা ও উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে শক্তিশালী নেটওয়ার্ক বিস্তার করেছে। তাদের এই নেটওয়ার্কের আওতায় তথ্যপ্রযুক্তি, জঙ্গিবাদ ও অস্ত্র চালনাসহ বিভিন্ন বিষয়ে পারদর্শী বিপুল পরিমাণ সদস্য ছড়িয়ে রয়েছে। তারা যেন কোনো ধরনের নাশকতা না ঘটাতে পারে সে জন্য র‌্যাবের এই জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

হোসেন চিশতী সিপলু/এফএ/এআরএ/