ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্কুলছাত্রীকে চুলের মুঠি ধরে মারলেন ঝাড়ুদার

প্রকাশিত: ০৩:৫২ পিএম, ০৯ এপ্রিল ২০১৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি হাইস্কুলে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে চুলের মুঠি ধরে মারধর করেছেন ঝাড়ুদার। এ ঘটনায় ওই ঝাড়ুদারকে বহিষ্কার করা হয়েছে। রোববার বেলা ১১টার দিকে দাপা আদর্শ উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে ক্লাস বর্জন করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে বেলা ২টায় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঝাড়ুদার মরিয়মকে সাময়িক বহিষ্কার করার ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়।

শিক্ষার্থীরা জানায়, ঝাড়ুদার মরিয়ম বেগম প্রায় সময়ই আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। কোনো বিষয়ে জানতে চাইলে অথবা কথা বললেই আমাদের ধমক দেয়, চোখ রাঙিয়ে ভয় দেখায়। একই অভিযোগ বিদ্যালয়ের বেশ কজন শিক্ষকেরও।

জানতে চাইলে এ বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাইন বিল্লাহ বলেন, রোববার বেলা ১১টার দিকে সপ্তম শ্রেণির কক্ষে জাফর মাস্টার ক্লাস নিচ্ছিলেন।

এ সময় ব্ল্যাকবোর্ড পরিষ্কার করার জন্য এগিয়ে যায় ওই ক্লাসের ছাত্রী মারজান ইসলাম সিপা। সে ডাস্টার দিয়ে ব্ল্যাকবোর্ড পরিষ্কার করার সময় হঠাৎ ক্লাসে প্রবেশ করে ঝাড়ুদার মরিয়ম বেগম।

এ সময় ব্ল্যাক বোর্ড থেকে চকের গুড়া মরিয়ম বেগমের গায়ে ও চোখে উড়ে যায়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে শিক্ষকের সামনেই তার চুলের মুঠি ধরে মারধর করে।

মোস্তাইন বিল্লাহ আরও বলেন, এ ঘটনা স্কুলের সর্বত্র ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ক্লাসবর্জন করে মাঠে এসে একত্রিত হয়। এতে আশপাশের কিছু অভিভাবক এসে শিক্ষার্থীদের কাছ থেকে বিষয়টি জেনে ফুঁসে উঠে।

তিনি আরও বলেন, এ পরিস্থিতির বিষয়ে জানাতে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি স্থানীয় এমপি শামীম ওসমানকে একাধিকবার ফোন করি। এমপি সাহেব ফোন রিসিভ না করায় পরিস্থিতি শান্ত করতে ঝাড়ুদারকে সাময়িক বহিষ্কার করার ঘোষণা দিয়েছি।

এদিকে, অভিযোগ অস্বীকার করে মরিয়ম বেগম সাংবাদিকদের বলেন, আমি কোনো ছাত্রীকে মারধর করিনি। ময়লা আছে কিনা দেখতে ওই ক্লাসে গিয়েছিলাম।

মো: শাহাদাত হোসেন/এএম/জেআইএম