আমার ভাগ্যে যা আছে তা হবে, মাকে মুফতি হান্নান
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ফাঁসির সেলে বন্দি মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি নেতা মুফতি আব্দুল হান্নান তার মাকে বলেছেন, যে কদিন হায়াত আছে ওই কদিনই বেঁচে থাকব। দোয়া করবেন আল্লাহ তায়ালা যেন আমাকে নাজাত দান করেন, হেফাজত করেন এবং ঈমানের সঙ্গে যেন মৃত্যুবরণ করতে পারি।
তিনি তার মাকে আরও বলেছেন, আমাকে মিথ্যা মামলায় জড়িয়ে এই অবস্থায় দাঁড় করানো হয়েছে। সুতরাং আমার সঙ্গে যে অন্যায় হয়েছে আমি তা মেনে নিয়েছি। আমার ভাগ্যে যা আছে তা হবে। আমার জন্য কোনো চিন্তা করবেন না।
বুধবার সন্ধ্যায় মুফতি আব্দুল হান্নানের সঙ্গে দেখা করতে গেলে তার মাকে এসব কথা বলেন তিনি। মুফতি হান্নানের সঙ্গে কারাগারে তার মায়ের সাক্ষাৎ শেষে সন্ধ্যায় তার বড় ভাই আলি উজ্জামান কারা ফটকের সামনে জাগো নিউজকে এসব কথা জানান।
আলি উজ্জামান বলেন, মুফতি হান্নানের ফাঁসি কার্যকর করা হলে তার মরদেহ গ্রামের বাড়িতে পারিবারিক গোরস্থানে দাফন করতে চান। কারা কর্তৃপক্ষকে তিনি এ দাবি জানিয়েছেন। কারা কর্তৃপক্ষ বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তাদের সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন।
এছাড়া তিনি তার সন্তানদের প্রতি খেয়াল রাখতে বড় ভাইকে অনুরোধ করেছেন এবং সবার সঙ্গে তাদের মিলেমিশে থাকতে বলেছেন।
এর আগে সকালে সাক্ষাৎকালে মুফতি হান্নান তার স্ত্রীকে বলেন, যে মামলায় তাকে ফাঁসি দেয়া হচ্ছে এটা মিথ্যা মামলা। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এ সময় তিনি তার পরিবারের সবাইকে ধৈর্য ধরতে বলেন।
স্বামীর সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার সকাল সোয়া ৮টার দিকে কারা ফটকে তার স্ত্রী জাকিয়া পারভীন সাংবাদিদের এসব কথা বলেছেন।
এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে পরিবারের চার সদস্য তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া থানার হিরন এলাকা থেকে কারাগারের উদ্দেশে রওনা দেন। সকালে তারা কারাগারে এসে পৌঁছান। সাক্ষাৎ শেষে তারা গ্রামের বাড়ি কোটালীপাড়ার উদ্দেশে রওনা হন।
আমিনুল ইসলাম/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রংপুরে আখতার হোসেনকে প্রাণনাশের হুমকির অভিযোগ
- ২ পাবনায় জামায়াত নেতাকে কোপানোর অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে
- ৩ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তৃতীয় লিঙ্গের রানী
- ৪ আলমডাঙ্গায় আচরণবিধি লঙ্ঘনে বিএনপি-জামায়াতের ৩ সমর্থককে জরিমানা
- ৫ এনসিপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন রিকশা প্রতীকের প্রার্থী