সরাইলে দু`পক্ষের সংঘর্ষে নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু`পক্ষের সংঘর্ষে মো. জাকির হোসেন (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।এ সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহত জাকির হোসেন হরিপুর গ্রামের আকবর আলীর ছেলে।
তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের সাতবাড়িয়া ও হরিপুর গ্রামের মধ্যবর্তী স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে পাকশিমুল ইউনিয়নের হরিপুর গ্রামের জাকির হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী সাতবাড়িয়া গ্রামের হিরণ মিয়ার বিরোধ চলে আসছিল। সোমবার দুপুরে জাকির মিয়া তার নিজ জমিতে ধান কাটতে গেলে হিরণ মিয়ার লোকজন তার উপর হামলা চালান। এসময় উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
পরে সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় জাকিরকে প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এরপর জেলা সদর হাসপাতালে আনার পথে তার মৃত্য হয়।
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এমজেড/আরআই