৫ কোটি টাকা হাতিয়ে মাল্টিপারপাস কোম্পানি উধাও
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কয়েকশ গ্রাহকের কাছ থেকে প্রায় ৫ কোটি টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে পালিয়েছে একটি মাল্টিপারপাস কোম্পানি।
পল্লী ডেভেলপমেন্ট সোসাইটি (পিডিএস) নামের ওই আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকদের টাকা হাতিয়ে নিয়ে যায়। আর টাকার জন্য গ্রাহকরা অফিসে এসে দেখে তালা ঝুলছে। এতে কয়েকশ গ্রাহক বিক্ষোভ মিছিল করেন।
সোমবার দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা গ্রামে এ ঘটনা ঘটে। তবে কোম্পানির লোকজন গ্রাহকদের টাকা দেয়ার কথা থাকলেও অফিসে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। গ্রাহকদের সঙ্গে প্রতারণার ঘটনায় বিকেলে অফিসের ভবনের মালিকের বাবা নুর মোহাম্মদ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।
গ্রাহকরা জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা গ্রামে পল্লী ডেভেলপমেন্ট সোসাইটি (পিডিএস) নামের একটি আর্থিক প্রতিষ্ঠান গত চার বছর ধরে এই অঞ্চলে আর্থিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এই প্রতিষ্ঠানটি প্রায় ৫০০ গ্রাহকদের কাছ থেকে দ্বিগুণ লাভ দেয়ার কথা বলে প্রায় ৫ কোটি টাকা হাতিয়ে নেয়। সম্প্রতি গোহাট্টা গ্রামের আনোয়ারা খাতুনের মালিকানাধীন ভবনের দ্বিতীয় তলায় নতুন অফিস নিয়ে তাদের কার্যক্রম চালায়।
সোমবার অনেক গ্রাহককে ঋণ দেয়ার কথা থাকলে অফিসের সামনে এসে দেখতে পান অফিসের প্রধান ফটকে তালা ঝুলছে। পরে গ্রাহকরা জানতে পারে তাদের সঙ্গে প্রতারণা করে গ্রাহকদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। এ সময় কয়েকশত ভুক্তভোগী গ্রাহক একত্রিত হয়ে অফিস কার্যালয়ে সামনে বিক্ষোভ মিছিল করেন। অনেকে তাদের শেষ সঞ্চয় হারিয়ে কান্নায় ভেঙে পড়েন।
এদিকে ভবনের মালিকের বাবা নুর মোহাম্মদ জানান, চলতি বছরের ১ মার্চ পল্লী ডেভেলপমেন্ট সোসাইটির ম্যানেজার ভাড়ার জন্য আসেন। পরে আমরা ১০ হাজার টাকা মাসিক ভাড়া দেয়ার চুক্তিতে ভাড়া দেন।
পরবর্তীতে এই প্রতিষ্ঠান ম্যানেজারসহ আটজন কর্মচারী তাদের কার্যক্রম পরিচালনা করেন। গত ৩ মার্চ তাদের ভাড়াটিয়া নিবন্ধন ফরম পূরণ করে দিতে বললে তারা তালবাহানা শুরু করে। রোববার রাতে অফিসের মালামাল রেখে তারা পালিয়ে যান।
সাতভাইয়াপাড়া গ্রামের গ্রাহক মাকসুদা বেগম ও আনোয়ার হোসেন বলেন, প্রথমে কয়েকজন গ্রাহককে ২০ হাজার করে টাকা ঋণ দিয়ে সকলকে বোকা বানিয়ে টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছে।
গোহাট্টা গ্রামের গ্রাহক সুফিয়া বেগম বলেন, প্রতারক চক্রটি যাদের টাকা হাতিয়ে নিয়েছেন তারা বেশির ভাগ অসহায় গরীব ও দিনমজুর। তিনি প্রতারক চক্রের সদস্যদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান প্রশাসনের কাছে।
পল্লী ডেভেলপমেন্ট সোসাইটির মালিক বদরুল আলম, শাহ আলম, মঞ্জুরুল আলম, আমিনুল ইসলাম ও মিলন মিয়ার সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। অনেক গরীব অসহায় গ্রাহক তাদের শেষ সঞ্চয় হারিয়েছে। প্রতারকচক্রের মূলহোতাসহ তাদের গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম বলেন, কোনো প্রতারকচক্র সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতে না পারে সেজন্য আমরা বিভিন্ন ঋণদানকারী প্রতিষ্ঠানের তালিকা তৈরি করে নজরদারি করার চেষ্টা চালাচ্ছি।
মো: শাহাদাত হোসেন/এএম/এমএস