ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রামুতে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা

প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ১৮ এপ্রিল ২০১৭

প্রযুক্তিগত শিক্ষার উৎকর্ষে দেশ এগিয়ে চলছে। টেকসই উন্নয়নের জন্য দক্ষ জনশক্তির বিকল্প নেই। এ লক্ষে সরকার ডিজিটাল বাংলাদেশ নির্মাণ এবং তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষিত ও দক্ষ তরুণদের কর্মসংস্থানের জন্য নানা পরিকল্পনা গ্রহণ করেছে।

পরিকল্পিত পরিকল্পনায় রামুতে প্রতিষ্ঠিত হচ্ছে আইসিটি পার্ক। আগামী দুই বছরের মধ্যে স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের নেতৃত্বে কক্সবাজার-রামুকে আইটিসি শহরের হিসেবে গড়ে তোলা হবে।

রামুতে বিজ্ঞান মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন।

মঙ্গলবার দুপুরে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ে ‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’ শীষক বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাজাহান আলি।

৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল শামশুদ্দীন আহমেদ প্রিন্স, গর্জনিয়া উইনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ তৈয়ব, সমাজসেবা কর্মকর্তা খন্দকার বিল্লাল হোসেন প্রমুখ।

রামু উপজেলা প্রশাসনের আয়োজনে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় রামু কলেজ, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়, রামু উচ্চ বালিকা বিদ্যালয়, জোয়ারিয়ানালা এইচএম সাঁচি উচ্চ বিদ্যালয়, নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়, জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়, জারাইলতলী উচ্চ বিদ্যালয়, দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয়, মনসুর আলি সিকদার আইডিয়্যাল স্কুলের শিক্ষার্থীরা স্টল প্রদর্শনের মাধ্যমে প্রকল্প উপস্থাপন, বিজ্ঞানভিত্তিক বক্তব্য ও বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নেয়।

বুধবার পুরস্কার বিতরণের মাধ্যমে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শেষ হবে।

সায়ীদ আলমগীর/এআরএ/আরআইপি