ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে মন্দির ও শ্মশানের জমি উদ্ধারের দাবি

প্রকাশিত: ০৮:৫৪ এএম, ২৬ এপ্রিল ২০১৭

গাজীপুর জেলা শহরে অবস্থিত ভাওয়াল রাজাদের নির্মিত প্রাচীন ঐতিহ্য ও হিন্দু সম্প্রদায়ের পুন্যস্থান শ্রীশ্রী ইন্দ্রেশ্বর শিব মন্দির ও মহাশ্মশানের জমি ভূমি দস্যুদের কবল থেকে উদ্ধারের দাবি জানিয়েছে শিব মন্দির ও মহাশ্মশান পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ।

বুধবার দুপুরে ওই মন্দির ও শ্মশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এ দাবি জানান।

শিব মন্দির ও শ্মশান পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক নারায়ন কুমার দাস এতে লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি জানান, ১২৯২ সালে ভাওয়ালের রাজা রাজেন্দ্র নারায়ন রায় চৌধুরী তার বাবা ইন্দ্রেশ্বরের নামানুসারে ১৩২ শতাংশ জমির উপর শিব মন্দির ও শ্মশান প্রতিষ্ঠা করা হয়। এখানে ঢাকার উত্তরসহ জেলার বিভিন্ন জায়গা থেকে হিন্দু সম্প্রদায়ের শবদাহ করা হয়ে থাকে।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, শিব মন্দির ও শ্মশানের ১৩২ শতাংশ জমি থেকে মাত্র ৪০ শতাংশ জমি তাদের দখলে রয়েছে বাকি ৯২ শতাংশ জমি বিভিন্ন ভূমি দস্যুরা দখল করে নিয়েছে। এর মধ্যে এই দেবোত্তর সম্পত্তির কিছু জমি অবৈধভাবে কোর্ট অব ওয়ার্ডস ভাওয়াল রাজ এস্টেটের কয়েকজন ব্যক্তির নামে লিজ প্রদান করেছে। এই দেবোত্তর সম্পত্তির উপর একটি প্রভাবশালী মহল বহুতল ভবন নির্মাণের পায়তারা করছে।

তিনি জানান, বছরের পর বছর ধরে তারা প্রশাসন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে এর প্রতিকার চাইলেও তাদের জমি উদ্ধার হচ্ছে না। তারা শিব মন্দির ও শ্মশানের জমি থেকে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তা মন্দির এবং শ্মশানের অনুকূলে বুঝিয়ে দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে শ্রী শ্রী ইন্দ্রেশ্বর শিব মন্দির ও মহাশ্মশান পরিচালনা পরিষদের নেতা রনজিৎ দাস, দীপংকর গৌতম ও তপন চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

আমিনুল ইসলাম/এফএ/পিআর