বেনাপোলে বিদেশি পিস্তলসহ যুবক আটক
বেনাপোলের বলফিল্ড এলাকা থেকে নাসির উদ্দিন (২৫) নামের এক যুবককে একটি নাইন এমএম পিস্তলসহ আটক করেছে যশোর র্যাব-৬ এর সদস্যরা। শুক্রবার রাত ৯টার দিকে তাকে আটক করা হয়।
আটক নাসির উদ্দিন বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী পুটখালী গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
যশোর র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার স্কোয়ান লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বেনাপোলের বলফিল্ড এলাকায় অস্ত্রের একটি চালান বিক্রি হবে। এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা থেকে ওই এলাকায় ওৎ পেতে থাকি। রাত ৯টার দিকে অস্ত্র বিক্রির সময় অভিযান চালালে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তলসহ নাসির উদ্দিনকে আটক করা হয়।
আটক নাসির উদ্দিন যশোর র্যাব-৬ এর হেফাজতে আছে। জিজ্ঞাসাবাদ শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলেও তিনি জানান।
এসএস/পিআর