ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শেখ হাসিনার সরকার মানেই নারীর অর্থনৈতিক সমৃদ্ধি : চুমকি

প্রকাশিত: ১১:০৮ এএম, ২৯ এপ্রিল ২০১৭

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বাংলাদেশে যখনই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসে, তখনই এদেশের নারীরা রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে এগিয়ে যায়। শেখ হাসিনার সরকার মানেই নারীর অর্থনৈতিক সমৃদ্ধি।

শনিবার বিকেলে জাতীয় মহিলা সংস্থার আর্থিক ও গাজীপুর কালীগঞ্জে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আয়োজিত অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা বিতরণ অনুষ্ঠানে পৌর এলাকার দেওপাড়া প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে নারীদের প্রশিক্ষিত করছেন। আবার প্রশিক্ষিত নারীরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার জন্য সরকার তাদের ঋণও প্রদান করছেন।

মেহের আফরোজ চুমকি আরও বলেন, দেশের অর্ধেক নারী সমাজকে দারিদ্র্য রেখে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। আর এ কারণেই সরকার দারিদ্র্য বিমোচনে নারীদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তাই আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে দেশে একটি নারীও অবহেলিত থাকবে না।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে ও প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত উপজেলা কর্মকর্তা জেসমিন বেগমের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- মহিলা বিষয়ক অধিদফরের মহাপরিচালক সাহিন আহমেদ, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম, নির্বাহী পরিচালক জাহানারা পারভীন, প্রকল্প পরিচালক আনোয়ারা বেগম, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শাহানাজ আক্তার প্রমুখ।

পরে প্রতিমন্ত্রী পাঁচটি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কালীগঞ্জ ও পলাশ উপজেলার এক হাজার ৩০০ জন নারী উদ্যোক্তাদের হাতে মোট ৫৭ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন। এর আগে প্রতিমন্ত্রী উপজেলার শহীদ ময়েজউদ্দিন ব্রিজ সংলগ্ন কর্মজীবী মহিলা হোস্টেল কাম ট্রেনিং সেন্টার ও শিশু দিবা যত্ন কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।

আব্দুর রহমান আরমান/আরএআর/জেআইএম