ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিএনপিকে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না

প্রকাশিত: ০১:৩৩ পিএম, ৩০ এপ্রিল ২০১৭

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি না এলে তাদের বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না। বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে দেশ ধ্বংস হয়ে যাবে। দেশে যে উন্নয়ন চলছে তার সব বন্ধ করে দেবে তারা।

রোববার বিকেলে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের নব-নির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনে হবে। সে নির্বাচনে বিএনপিকে অংশ নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি না এলে তাদের বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত তিন বছরে গাজীপুরে ৩০০ কোটি টাকা ব্যয় করে হাসপাতাল নির্মাণসহ অনেক কিছু করেছি। আগামী দেড় বছরে গাজীপুরে স্বাস্থ্য খাতে আরো ৬০০ কোটি টাকা ব্যয় করা হবে। যাতে মানুষ হাসপাতালে সুচিকিৎসা এবং মেডিকেল কলেজে শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। এ জন্য তিনি স্থানীয় এমপি, দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীদের লক্ষ্য রাখার আহ্বান জানান।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা পদ্মাসেতু নির্মাণ করছেন। জীবন বাজি রেখে জঙ্গি দমন করে শান্তি ফিরিয়ে এনেছেন। দেশে একের পর এর উন্নয়ন করে যাচ্ছেন। এসব উন্নয়নের কথা জনগণের কাছে তুলে ধরতে হবে এবং শান্তি ও উন্নয়নের জন্য নৌকায় ভোট চাইতে হবে।

স্বাস্থ্য বিভাগের সচিব মো. সিরাজুল হক খানের সভপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মো. জাহিদ আহসান রাসেল এমপি ও সিমিন হোসেন রিমি এমপি।

এতে, বক্তব্য রাখেন গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক এমপি আখতারউজ্জামান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন সবুজ, স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মো. হাবিবউল্লাহ, জেলা বিএমএ সভাপতি ডা. আমীর হোসাইন রাহাত প্রমুখ।

মোঃ আমিনুল ইসলাম/এএম/জেআইএম