আইভীকে দুর্নীতি থেকে সরে আসার আহ্বান সেলিম ওসমানের
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে দুর্নীতি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। ছোট বোন মেয়র আইভী বহু টাকা খাইছেন, আর খাইয়েন না। আপনার ও আপনার পিতা চুনকার টাকা নয়। এটা নারায়ণগঞ্জবাসীর ট্যাক্সের টাকা। শনিবার বিকেলে নারায়ণগঞ্জে গ্যাসের পাইপ লাইন স্থাপনের কাজ শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম ওসমান আরো বলেন, খালেদা জিয়া জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারের সঙ্গে বেঈমানী করেছেন এবং তাকে বলি দেয়ার ফলে আইভীর কপাল খুলে যায়। এখন তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র হয়েছেন।
বিশেষে অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেন, নারায়ণগঞ্জে কিছু নাস্তিক আছেন তারা ঢাকা থেকে ভাড়া করে লোক এনে আমাদের বিরুদ্ধে কথা বলেন। যারা আমাদের নিয়ে ষড়যন্ত্র করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি নাসিম ওসমান ও সেলিম ওসমান না আমি শামীম ওসমান। আমার চোখ একটু বাঁকা করলে ওদের একজনের বাড়ির ইট থাকবে না।
শামীম ওসমান আরো বলেন, আমি নারায়ণগঞ্জে জামায়াত নেতা গোলাম আযমকে অবাঞ্চিত ঘোষণা করেছিলাম। আর সেই ঘোষণা যদি সারা দেশে দেয়া যেত তাহলে জামায়াত-শিবিরের লোকজন দেশের মানুষকে পেট্রল দিয়ে পুড়িয়ে হত্যা করতে পারতো না।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি মঞ্জুরুল হকের সভাপতিত্বে উদ্বােধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নওশাদ ইসলাম, এশিয়ান গ্রুপের চেয়ারম্যান হারুন উর রশিদ, নারায়ণগঞ্জ নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান বাদল, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. আনিছুর রহমান দিপু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড.খোকন সাহা প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি শান্তির প্রতীক পায়রা উড়িয়ে নতুন গ্যাস সংযোগের উদ্বোধন করেন।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৩ নভেম্বর ১৫ কিলোমিটার গ্যাসের পাইপ লাইন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সমিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নওশাদ ইসলাম জানান, ২৫ কোটি টাকা ব্যয়ে ১৬ ইঞ্চি ও ১২ ইঞ্চি ব্যাসার্ধ পাইপ লাইন কাজ শেষ হওয়ায় মুন্সীগঞ্জের মোক্তারপুর-সিদ্ধিরগঞ্জ-গোদনাইল ও পঞ্চবটি এলাকার মানুষ এর সুফল ভোগ করবেন।
মো:শাহাদাৎ হোসেন/এমজেড/আরআইপি