ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোলে ইমিগ্রেশন পুলিশ পেটালো পাসপোর্ট যাত্রীকে

প্রকাশিত: ০৩:২৯ পিএম, ০২ মে ২০১৫

বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে ভারতে যাওয়ার সময় চাহিদামতো ঘুষ দিতে না পারায় ইমিগ্রেশন পুলিশের কনস্টেবল রথীন পিটিয়ে জখম করেছেন মোজাম্মেল হোসেন (৫৫) নামে এক পাসপোর্ট যাত্রীকে। শনিবার দুপুরে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের নো-ম্যান্সল্যান্ডে এ ঘটনা ঘটে।
 
চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে দেয়া ভুক্তভোগী পাসপোর্ট যাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, নোয়াখালি জেলার খাজুরী সেনবাগ এলাকার আব্দুর রবের ছেলে মোজাম্মেল হোসেন। তিনি শনিবার দুপুরে ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোলে আসেন। ভ্রমণকর পরিশোধসহ কাস্টম এবং ইমিগ্রেশনের আনুষ্ঠানিক কাজ শেষ করে মেইন গেটে কর্মরত পুলিশের হাতে তার পাসপোর্ট দেন। এসময় পুলিশ কনস্টেবল রথীন ওই যাত্রীর ব্যাগ দেখাতে বলেন। ব্যাগে কয়েকটি হাদিসের বই ছিল সেগুলি নিয়ে ভারতে যেতে হলে তাকে ৫শ` টাকা দিতে হবে। এ নিয়ে পাসপোর্টযাত্রী ও পুলিশের মধ্যে তর্ক বিতর্কের সৃষ্টি হয়। এক পর্যায়ে পুলিশ কনস্টেবল রথীন পাসপোর্ট যাত্রীকে মারপিট করে জখম করেন।

তখন যাত্রী মোজাম্মেল হোসেন ভারতে না গিয়ে পুলিশ ও বিজিবির কাছে লিখিত অভিযোগ করেন। এ ঘটনা জানাজানি হলে গেটে কর্মরত অন্যান্য পুলিশ কনস্টেবলরা তড়িঘড়ি করে মোজাম্মেল হোসেনকে ভারতে পাঠিয়ে দেন।

এ ব্যাপারে চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পাসপোর্ট যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ না করার জন্য সকল অফিসার ও কনস্টেবলদের বলা হয়েছে। বিষয়টি তদন্ত করে কনস্টেবল রথীনের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, বেনাপোল ইমিগ্রেশন পুলিশ যখন মেইন গেটে ডিউটি করে তখন পাসপোর্ট চেকিংয়ের চেয়ে যাত্রীদের লাগেজ চেকিং এর নামে হয়রানি ও উৎকোচ আদায়ে ব্যস্ত থাকে। মাঝে মাঝে গেট ফাঁকা রেখে তারা ভারত ফেরত যাত্রীদের পাসপোর্টে সিল লাগানোর জন্য ইমিগ্রেশন অফিস ভবনে চলে আসেন। দীর্ঘদিন ধরে এ কাজ করলেও তা বন্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ।

মো. জামাল হোসেন/এমজেড/আরআইপি