ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে এক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সব সদস্যের পদত্যাগ

প্রকাশিত: ০২:৫২ পিএম, ০৪ মে ২০১৫

যশোর সদর উপজেলার মেঘলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সেলিম রেজার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বিদ্যালয় ম্যানেজিং কমিটি থেকে তার আপন ভাইসহ সকলেই পদত্যাগ করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার ম্যানেজিং কমিটির সদস্যরা এ পদত্যাগ করেন।
পদত্যাগকারী সদস্যরা হলেন, সভাপতির ভাই আলিপ হোসেন, মফিজুর রহমান, শহিদুল ইসলাম, নেহারন নেছা, আফরোজা সুলতানা, আবদুর রহিম, রোকনুজ্জামন, জহুরুল হক ও সাহেদ আলী।

তারা সভাপতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকের সাথে দুর্ব্যবহার, বিদ্যালয়ের ল্যাপটপ বাড়িতে নিয়ে নিজের কাজে ব্যবহার ও ফেরৎ না দেয়া, নিয়োগ বাণিজ্য, ম্যানেজিং কমিটির সিদ্ধান্তের বিপক্ষে কাজ করা, শিক্ষক-কর্মচারীদের এমপিও শিটে এক্তিয়ার বহির্ভূত মন্তব্য লেখা, বেতন বিলে স্বাক্ষরদানে অহেতুক বিলম্ব করা ও বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্নকর কাজ করার অভিযোগ করেছেন। সদস্যরা প্রত্যেকেই জানিয়েছেন, সভাপতির এসব আচরণের কারণে তাদের পক্ষে আর দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এ কারণে তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাই আলিপ হোসেন তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সভাপতি সেলিম রেজার মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে প্রধান শিক্ষক আকবার আলী ম্যানেজিং কমিটির সকল সদস্যের পদত্যাগের কথা স্বীকার করে জানান, সদস্যরা সোমবার পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগপত্র সভাপতির পক্ষে তিনি পদাধিকার বলে ম্যানেজিং সচিব হিসেবে অফিসিয়ালি গ্রহণ করেছেন।

মিলন রহমান/এমএএস/আরআইপি