রাজশাহীর ‘জঙ্গি আস্তানায়’ দমকল কর্মীসহ নিহত ৫
রাজশাহীর গোদাগাড়ীতে ‘জঙ্গি আস্তানায়’ অভিযানকালে জঙ্গিদের হামলায় আহত ফায়ার সার্ভিসের কর্মী আবদুল মতিন মারা গেছেন। এ ঘটনায় ৪ জঙ্গিসহ মোট ৫ জনের মৃত্যু হলো।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আবদুল মতিনের বাড়ি গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নের মাটিকাটা এলাকায়। তার শরীরে বোমা ও দেশীয় অস্ত্রের মারাত্মক আঘাত রয়েছে।
রাজশাহী সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, সকাল পৌনে ৯টার দিকে মারা যান দমকল কর্মী আব্দুল মতিন। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়েছিল। পরে মরদেহ হাসপাতালে মর্গে নেয়া হয়েছে।
এদিকে, এ ঘটনায় জঙ্গি আস্তানার আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি জানান, সকাল পৌনে ৮টার দিকে ঘিরে রাখা বাড়িটিতে পুলিশের উপস্থিতিতে পানি ছিটাচ্ছিলেন দমকল কর্মীরা। এসময় সেখানে আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। পরে পুলিশও সেখানে পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ পর সেখানে এক নারীসহ চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এদের মধ্যে গৃহকর্তা সাজ্জাদ আলী থাকতে পারেন। অভিযানে সেখান থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় উপপরিদর্শক উৎপল, পুলিশ কনস্টেবল তাজুল এবং দমকল কর্মী আব্দুল মতিন আহত হন। সেখান থেকে মতিনকে রামেকে পাঠানাে হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বুধবার রাত ৩টার পর থেকে ফাঁকা মাঠের ওই বাড়িটি ঘিরে রাখে পুলিশ। সকালে সেখানে অভিযান চালানো হয়। বাড়িটিতে এখনও অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানোর কথা জানান ওসি।
ফেরদৌস সিদ্দিক/এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা