ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাড়ি ফেরা হলো না নৈশপ্রহরী আনোয়ারের

প্রকাশিত: ০৭:০৮ এএম, ১৬ মে ২০১৭

প্রতিদিনের মতো সোমবার রাতেও নৈশপ্রহরীর দায়িত্বপালন করতে যান আনোয়ার হোসেন (৫১)। বাড়িতে কথা দিয়েছিলেন দায়িত্বপালন শেষে সকালে তাড়াতাড়ি ফিরবেন। কথা রাখতে সকাল ৭টার দিকেই সাইকেলযোগে বাড়ির পথ ধরেন তিনি। কিন্তু একটি মিনি ট্রাক (ডাম্পার) তাকে ধাক্কা দিয়ে রাস্তাতেই স্তব্ধ করে দেয়। দুমড়ে-মুচড়ে দেয় তার সাইকেলটিও।

কক্সবাজার শহরে কলাতলী বাইপাস সড়কের ইসলামাবাদ এলাকায় মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন লিংকরোড মুহুরীর পাড়ার মৃত ছিদ্দিক আহামদের ছেলে ও কলাতলীর মডার্ন হ্যাচারির নৈশপ্রহরী।

প্রত্যক্ষদর্শীরা জানান, হ্যাচারি থেকে রাতের দায়িত্ব শেষ করে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আনোয়ার হোসেন। বাসটার্মিনালের পশ্চিমপার্শ্বস্থ কলাতলী বাইপাস সড়কের ইসলামাবাদ এলাকায় পৌঁছলে শহরমূখী একটি ডাম্পার আনোয়ারকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়দের দেয়া খবরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়। ঘাতক ডাম্পারটি আটক করা হলেও চালক-হেল্পার পালিয়ে গেছে।

কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার আবদুর রহিম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের স্বজনরা থানায় যোগাযোগ করছে। তাদের ইচ্ছাতেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। ঘাতক ডাম্পারটি জব্দ করে পুলিশ লাইনে নেয়া হয়েছে।

সায়ীদ আলমগীর/এফএ/পিআর