ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কক্সবাজারে প্রশিক্ষণ বিমান থেকে ডেমো বোমা পড়ে আতঙ্ক

প্রকাশিত: ০১:০৪ পিএম, ১৬ মে ২০১৭

বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান থেকে খুলে পড়েছে একটি ডেমো বোমা। বড় আকারের নকল বোমাটি কক্সবাজারের পেকুয়ার উজানটিয়া ইউনিয়নের টেকপাড়াস্থ চিংড়ি ঘেরে মঙ্গলবার বিকেলের দিকে পড়ে। এসময় আশপাশ এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কি হয়েছে জানতে শত শত উৎসুক জনতা ভিড় জমায় ঘটনাস্থলে। ছুটে যান প্রশাসনিক কর্মকর্তারাও।

উজানটিয়ার ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, বিকট আওয়াজে প্রথম এলাকাবাসী মনে করেন বিমান বিধ্বস্ত হয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি নকল বোমা পড়েছে।

Coxbazarপেকুয়া থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, ঘটনার খবর শুনার পরপরই পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যায়। চিংড়ি ঘেরে পাওয়া যায় একটি ভারি ডেমো বোমা।

চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মো.মতিউল ইসলাম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিমানবাহিনীর সঙ্গে আলাপ করে জেনেছি প্রশিক্ষণ বিমানটি চট্টগ্রাম থেকে উড্ডয়ন করে। প্রতিদিনই বিমান প্রশিক্ষণের ধারাবাহিকতায় এই বিমানটিও কক্সবাজার অংশে আসে। মনে হচ্ছে স্ক্রু খুলে ডেমো বোমাটি মাটিতে পড়ে যেতে পারে। তবে বিস্তারিত বলতে পারবে বিমানবাহিনী।

তিনি আরও বলেন, ডেমো বোমাটি পুলিশের হেফাজতে আছে। বিমান বাহিনীর একটি টিম কক্সবাজারে আসছে। বোমাটি ওই টিমের কাছে হস্তান্তর করা হবে।

ঘটনার ব্যাপারে জানতে বিমান বাহিনীর এক সদস্যের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, কি হয়েছে আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বক্তব্য নিতে হলে আইএসপিআরের সঙ্গে যোগাযোগ করতে হবে।

সায়ীদ আলমগীর/এমএএস/পিআর