ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টেকনাফে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৩:০০ পিএম, ২১ মে ২০১৭

কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকত এলাকা থেকে ভাসমান অবস্থায় হামিদ হোসেন মাঝি (২৪) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া সৈকত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে জেলেরা।

নিহত হামিদ হোসেন টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়ার গ্রামের আবদুস সালামের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে জেলেরা প্রতিদিনের ন্যায় মাছ শিকারে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন জেলে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পান। মরদেহটি দেখে জেলেরা কাছে গিয়ে তাকে চিনতে পেরে তার স্বজনদের জানান। পরে স্বজনরা তার মরদেহটি উদ্ধার করে পারিবারিকভাবে দাফন সম্পন্ন করে।

পারিবারিক সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে কচুবনিয়া এলাকার কাদির আলীর মালিকাধীন চার মাঝিমাল্লসহ একটি ডিঙ্গি নৌকা নিয়ে সাবরাং সমুদ্র সৈকত দিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারে যায় হামিদ। ভোরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাসহ তারা ডুবে যায়। তম্মধ্যে মালিকসহ তিনজন কূলে ফিরতে পারলেও হামিদ হোসেন কূলে ফিরতে পারেনি।

টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খাঁন জানান, স্থানীয়রা এক জেলের মরদেহ উদ্ধার করেছে। স্বজনরা মরদেহটি শনাক্ত করায় তাকে পারিবারিকভাবে দাফন করা হয়েছে।

সায়ীদ আলমগীর/আরএআর/জেআইএম