ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

খামারির ৭ গরু চুরি, সর্বশান্ত কৃষক

প্রকাশিত: ০৬:৫৯ এএম, ২৫ মে ২০১৭

গাজীপুরের কালীগঞ্জে নুরুল ইসলাম (গাজী) নামের এক খামারির গোয়াল ঘর থেকে ৭টি গরু চুরি করে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোরে পৌর এলাকার ভাদগাতি গ্রামে এ ঘটনা ঘটে।

তিনি ওই গ্রামের আজিম উদ্দিনের ছেলে। চুরি হওয়া গরুর মধ্যে ২টি ষাড়, ৪টি গাভী ও ১টি বাছুর। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ্য টাকার মত হবে বলে জানান ওই খামারি।

জানা গেছে, কালীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের ভাদগাতি গ্রামের নুরুল ইসলাম বুধবার দিবাগত রাত ১২টার দিকে ৭টি গরুর পায়ে শিকল বেঁধে গোয়াল ঘর তালাবদ্ধ করে ঘুুমিয়ে পড়েন। ভোর সাড়ে ৪টার দিকে উঠে দেখেন গোয়াল ঘরের তালা ভাঙা এবং ৭টি গরুই নেই। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় একটি সূত্র জানায়, উপজেলায় বেশ কিছুদিন ধরেই গরু চুরির হিড়িক পড়েছে। আর এইসব গরু চুরির কারণে অনেক কৃষক সর্বশান্ত হয়ে হয়ে গেছে। কিন্তু থানা পুলিশের কাছে গেলে তারা পাহারার ব্যবস্থা করতে বলেন।

খামারি নুরুল ইসলাম (গাজী) বলেন, আমার পরিবার চলতো এই গরুর উপর নির্ভর হয়ে। আর সেই সবকটি গরু চুরি করে আমাকে সর্বশান্ত করে গেল। আমি এখন কিভাবে সংসার চালাব?

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলম চাঁদ জানান, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ আসেনি। তবে এ গরু চুরি রোধ করতে স্থানীয়ভাবে পাহারার ব্যবস্থা করা যায় কিনা তিনি চিন্তা করছেন।

আব্দুর রহমান আরমান/এফএ/পিআর