ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ৬

প্রকাশিত: ০৭:৩৯ এএম, ২৫ মে ২০১৭

গোপালগঞ্জের সদর উপজেলায় মাইক্রোবাস ও ইজিবাইকের সংঘর্ষে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেনসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শহরতলীর চেচানিয়াকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর থানা পুলিশের এএসআই দেলোয়ার হোসেন (৩০), ইজিবাইকচালক আজাদ (৩৫), মোজাহিদ মোল্লা (৩৫) ইজিবাইকের যাত্রী জেসমিন (৩৫) এবং জেসমিনের মেয়ে সুমাইয়া (১৪) ও অজ্ঞাত এক নারী (৪০)।
আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ থেকে খুলনাগামী একটি মাইক্রোবাস ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস ও ইজিবাইক মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ হতাহতদের উদ্ধার করে। এর আগে অন্তত চারজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে অজ্ঞাত আরও ১ নারী এবং হাসপাতালে ভর্তির পর মোজাহিদ মোল্লা (৩৫) মারা যান।

গোপালগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মরদেহগুলো উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হুমায়ূন কবীর/এফএ/পিআর/জেআইএম