ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যবিপ্রবিকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় করতে হবে

প্রকাশিত: ১২:০৮ পিএম, ৩০ মে ২০১৭

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের উদ্দেশে বলেছেন, সব কাজ সমান। কাজের কোনো ছোট-বড় নেই। সব ধরনের কাজ করলে সম্মান চলে যাবে, এই মানসিকতা ত্যাগ করতে হবে। সকলে মিলেমিশে এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় করতে হবে।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গ্যালারিতে যবিপ্রবি কর্মচারী সমিতি আয়োজিত সংবর্ধনা সভায় অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এসব কথা বলেন।

চতুর্থ শ্রেণির কর্মচারীদের সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্পৃক্ততার কথা উল্লেখ করে অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের স্বার্থ রক্ষার আন্দোলন করতে গিয়ে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হন। তাকে মুচলেকা দিয়ে ছাত্রত্ব ফিরিয়ে নেয়ার কথা বললেও তিনি তা করেননি। সুতরাং বঙ্গবন্ধুর অনুসারী হিসেবে, তার রেখে যাওয়া কাজ আপনাদের এগিয়ে নিয়ে যেতে হবে।

কর্মচারী সমিতির সভাপতি সাজ্জাদুল আলম রনির সভাপতিত্বে সংবর্ধনা সভায় আরও বক্তব্য দেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ আবুল হোসেন, রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন।

সংবর্ধনা সভা পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ফারহানা পাভরীন ও এস এম রাজু আহমেদ।

মিলন রহমান/এএম/পিআর