ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সোনারগাঁয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রকাশিত: ১০:২৭ এএম, ০১ জুন ২০১৭

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক ১৫ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার প্রতিবাদ করায় বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের স্কুল থেকে বের করে দেয়ার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে এশিয়ান হাইওয়ে সড়কের উপজেলার বস্তল এলাকায় শিক্ষার্থী ও অভিভাবকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে।

শিক্ষার্থীদের অবরোধের কারণে ওই এলাকায় প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এর আগে বুধবার সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের শিরাব এলাকায় আইডিয়াল স্কুলের কোচিংয়ে আসতে দেরি হওয়ায় ১৫ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করে স্কুলের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম দুলাল।

শিক্ষার্থীরা জানায়, আইডিয়াল স্কুলে রমজান মাসে শিক্ষার্থীদের কোচিং করতে বাধ্য করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের কাছ থেকে অন্যান্য সময় ৩শ টাকা নিলেও রমজান মাসে স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে ৫শ টাকা আদায় করা হয়।ফলে স্কুলে শিক্ষার্থীরা কোচিং করতে অপারগতা প্রকাশ করে। বুধবার সকালে শিক্ষার্থীরা দেরি করে কোচিং করতে যাওয়ায় স্কুলের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম দুলাল ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীদের বেত্রাঘাত করে আহত করেন।

একপর্যায়ে শিক্ষার্থীরা পার্শ্ববর্তী বাড়িতে আশ্রয় নিলে ওখানে গিয়ে পুনরায় প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম দুলাল ও সহকারী শিক্ষক রাসেল মিয়া দ্বিতীয় দফায় শিক্ষার্থীদের পেটাতে থাকেন। শিক্ষকের বেত্রাঘাতে দশম শ্রেণির শিক্ষার্থী তানজিলা, মাহফুজ, সুরভী আক্তার, নাইমা, মনিকা আক্তার, সানজিদা খানম, তানিয়া, সুমাইয়া, দিলারাসহ ১৫জন শিক্ষার্থী আহত হয়। পরে স্থানীয়রা খবর পেয়ে স্কুলে এসে প্রধান শিক্ষকের বিচার দাবি করে বিক্ষোভ করতে থাকেন। স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু হোসেন চৌধুরী সাইদুল শিক্ষকের বিষয়ে প্রশাসনের নিকট লিখিত অভিযোগ দায়েরের আশ্বাস দিলে তারা শান্ত হন।

সোনারগাঁ আইডিয়াল স্কুলের দশম শ্রেণির ছাত্রী সুরভী আক্তার, নাইমা ও মনিকা আক্তার জানায়, স্কুলে কোচিংয়ে আসতে দেরি হওয়ায় প্রধান শিক্ষক ক্ষিপ্ত হয়ে তাদের এলোপাথারিভাবে পিটিয়েছে। এর পর রাতে গিয়ে এ নিয়ে বাড়াবাড়ি করলে স্কুল থেকে বের করে দেয়ার হুমকি দেন শিক্ষক।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ কামাল জানান, মহাসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। স্কুলে গিয়ে ওই প্রধান শিক্ষককে পাওয়া যায়নি।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। পিটিয়ে আহত করার পর রাতে শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে হুমকি এটা কোনো ভাবেই কাম্য নয়। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম