ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জিসিসি মেয়র মান্নানের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

প্রকাশিত: ০১:৫১ পিএম, ১২ মে ২০১৫

গাড়ি ভাঙচুরের হুকুম দেওয়ার মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) মেয়র অধ্যাপক এমএ মান্নানের বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে শুনানি গ্রহণ শেষে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারজানা খান অভিযোগপত্র গ্রহণ করেন। আগামী ১৩ জুলাই এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্য করা হয়।

আদালত সূত্রে জানা যায়, অভিযোগপত্র গ্রহণ করায় যে কোনো সময় সাময়িক বরখাস্ত হতে পারেন অধ্যাপক মান্নান। বিধিমালা অনুযায়ী আদালত অভিযোগপত্র গ্রহণ করলে সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করতে পারে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

গাজীপুরের কোর্ট ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম জানান, গত ২৭ ডিসেম্বর বিএনপির ডাকা হরতাল চলাকালে নগরীর বড়বাড়ি এলাকায় একটি মাইক্রোবাস ও একটি লেগুনা ভাঙচুরের ঘটনা ঘটে। আর এ ঘটনায় মেয়র এমএ মান্নান ও জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনকে হুকুমের আসামি করে ৩০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ১৫/২০ বিএনপি নেতাকর্মীকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়।

তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে পুলিশ এম এ মান্নান, ফজলুল হক মিলনসহ ৪৩ জনের বিরুদ্ধে গত ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে।

এম এ মান্নানের আইনজীবী মঞ্জুর মোর্শেদ প্রিন্স জানান, গত ১১ ফেব্রুয়ারি গ্রেফতারের সময় মেয়র এমএ মান্নানের নামে তিনটি মামলা ছিল। দুটি মামলায় তিনি জামিনে ছিলেন। পরে জয়দেবপুর, শ্রীপুর ও কালিয়াকৈর থানার আরো ৬টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

আমিনুল ইসলাম/এআরএ/আরআই