ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোর সমাজসেবা অফিসের সহকারীর ৮ বছর কারাদণ্ড

প্রকাশিত: ১২:৩৪ পিএম, ০৭ জুন ২০১৭

যশোরের শার্শার উপজেলা সমাজসেবা অধিদফতরের সাবেক অফিস সহকারী শহিদুল ইসলামকে আলাদা ধারায় ৮ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

শহিদুল ঝিনাইদহ কালীগঞ্জ মেগুরখির্দ্দা গ্রামের আবুল হোসেনের ছেলে। মঙ্গলবার এক রায়ে স্পেশাল জজ (জেলা জজ) আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ সাজা দিয়েছেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন দুদকের বিশেষ পিপি সিরাজুল ইসলাম।

মামলার অভিযোগে জানা গেছে, শহিদুল ইসলাম শার্শা উপজেলা সমাজসেবা অফিসের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিল। এ অফিসে ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন মাখন লাল রায় এবং জেলার উপ-পরিচালকের দায়িত্বে ছিলেন আব্দুস সামাদ মোল্লা। শার্শা উপজেলা সমাজসেবা অফিসের ব্যাংক হিসাব পরিচালিত হতো দুই কর্মকর্তার নামে।

১৯৯৮ সালের ৩ ফেব্রুয়ারি আসমি শহিদুল ইসলাম দুই কর্মকর্তার স্বাক্ষর জাল করে তিল লাখ টাকার একটি চেক সোনালি ব্যাংক শার্শা শাখায় জমা দিয়ে উত্তোলন করেন।

এ টাকা তিনি অফিসে জমা না দিয়ে আত্মসাৎ করেন। বিষয়টি অফিসের অডিটে ধরাপড়ায় বিষয়টি দুদক তদন্ত করে। তদন্তে টাকা আত্মসাতের বিষয়টি সঠিক হওয়ায় জেলা দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পরিদর্শক মনিরুল ইসলাম বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন।

এ মামলার তদন্ত শেষে আসামি শহিদুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন দুদকের সহকারী পরিচালক আমিরুর রহমান। মামলার সাক্ষ্যগ্রহণ শেষে আসামি শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে প্রতারণার অভিযোগে ৮ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। সাজাপ্রাপ্ত শহিদুল ইসলাম পলাতক রয়েছেন।

মিলন রহমান/এএম/পিআর