ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফতুল্লায় নিখোঁজের দু`দিন পর গার্মেন্টস শ্রমিকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১১:১০ এএম, ১৫ মে ২০১৫

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় নিখোঁজের দুই দিন পর রামিন (১৮) নামে এক গার্মেন্টস শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পশ্চিম মাসদাইর এলাকার একটি ডোবা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।  

নিহত রামিনের মা আইনু বেগম জাগো নিউজকে জানান, তারা সপরিবারে মাসদাইর ঘোষেরবাগ এলাকায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করে। তার ছেলে রামিন ফতুল্লার বাড়ৈইভোগ এলাকার ফারিহা নামক একটি গার্মেন্টস চাকুরি করতো। বুধবার (১৩ মে) দুপুরে কর্মস্থল থেকে দুপুরে বাসায় খাবার খেয়ে কাজের উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে সে নিখাঁজ রয়েছে। আর শুক্রবার দুপুরে পশ্চিম মাসদাইর এলাকার একটি ডোবা থেকে পুলিশ ছেলের মরদেহ উদ্ধার করে।

তিনি আরো জানান, মাসদাইর খানকা এলাকার রাজুর স্ত্রী মুক্তা’র সাথে রামিনে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রায় এক বছর ধরে তাদের মধ্যে এই সম্পর্ক চলছিলো। তাদের সম্পর্কের বিষয় রাজু জানার পর রামিনকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। আর মুক্তার মাধ্যমে ডেকে নিয়ে রাজুসহ কয়েকজন মিলে রামিনকে হত্যা করে লাশটি ডোবায় ফেলে দেয়।
     
 ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন জাগো নিউজকে জানান, রামিনের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর পরকীয়া প্রেমের ঘটনা নিয়েই পরিকল্পিতভাবে মুক্তার মাধ্যমে রামিনকে ডেকে নিয়ে রাজুসহ কয়েকজন মিলে শ্বাসরোধে হত্যা করে । পরে লাশ গুম করার চেষ্টা করে। মুক্তা ও তার স্বামী রাজুকে আটক করলে হত্যার আসল রহস্য বেরিয়ে আসবে।

মো.শাহাদাৎ হোসেন/এসএস/পিআর