শ্রীপুরে বজ্রপাতে নিহত ২, আহত ৩
গাজীপুরের শ্রীপুর উপজেলার বেলদিয়া গ্রামে বজ্রপাতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় অন্তত আরো তিন জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর ২টার দিকে বজ্রপাতে মৃত্যুর এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বেলদিয়া গ্রামের মিয়ার উদ্দিন মেঘুর ছেলে কৃষক নছর উদ্দিন (৬০) এবং ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মধুপুর গ্রামের আহাম্মদ আলীর ছেলে ক্ষেতমজুর ছফির উদ্দিন (৩৫)। আহতরা হলেন, মো. শাহজাহান (৩৫), আহাম্মদ আলী (৪৫) ও রজব আলী (৩৫)।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী চিকিৎসক শারমিন জেরিন জানান, আজ দুপুরে ধান ক্ষেতে কাজ শেষে পাঁচজন একত্রে জমির পাশেই দুপুরের খাবার খাচ্ছিলেন। এ সময় একাধিক বজ্রপাতে ঘটনাস্থলেই তারা আহত হন। পরে তাদের কাওরাইদ নিউলাইফ ডায়াবেটিক সেন্টারে নেওয়া হয়। এরপর সেখান থেকে নছর উদ্দিন ও ছফির উদ্দিনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে মৃত ঘোষণা করা হয়। আহতদের স্থানীয় নিউলাইফ ডায়াবেটিক সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
আমিনুল ইসলাম/এআরএ/পিআর